ভারতীয় হাইকমিশন ছেড়েছেন নাশিদ
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ গতকাল শনিবার মালেতে অবস্থিত ভারতীয় হাইকমিশন ছেড়ে গেছেন। গ্রেপ্তার এড়াতে ১১ দিন আগে তিনি সেখানে আশ্রয় নিয়েছিলেন। একজন ভারতীয় কর্মকর্তা এ কথা জানিয়েছেন। এ সপ্তাহের শুরুর দিকে নাশিদের বিচার কার্যক্রম স্থগিত করেন মালদ্বীপের আদালত। এর পরিপ্রেক্ষিতে তিনি ভারতীয় হাইকমিশন ত্যাগ করেন।এর আগে প্রেসিডেন্ট থাকাকালে ক্ষমতার অপব্যবহার করেছেন মর্মে নাশিদের বিরুদ্ধে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। তবে শুনানির সময় হাজির না হওয়ায় নাশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তাই গ্রেপ্তার এড়াতে ১৩ ফেব্রুয়ারি তিনি ভারতীয় হাইকমিশনে আশ্রয় নেন। এ নিয়ে ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দেয়। পরে সংকট নিরসনের জন্য মালদ্বীপে বিশেষ দূত পাঠায় ভারত।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবারউদ্দিন জানান, ‘নাশিদ নিজের ইচ্ছায় ভারতীয় হাইকমিশনে আশ্রয় নিয়েছেন এবং নিজের ইচ্ছাতেই ফিরে গেছেন।’ এএফপি।