ইরাকে অপহৃত ভারতীয় নাগরিকদের মুক্তির জন্য সৌদি আরব, তুরস্কসহ আরও কিছু দেশের সঙ্গে যোগাযোগ করেছে ভারতের সরকার৷ একই সঙ্গে যোগাযোগ করা হয়েছে ইরাকে অপহরণকারীদের মধ্যে প্রভাব থাকা গোষ্ঠীগুলোর সঙ্গেও৷ তবে অপহৃত ব্যক্তিদের মুক্তির বিষয়ে এখনো আশার দেখা মেলেনি৷
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন গতকাল শুক্রবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বলেছেন, অপহৃত ৪০ ভারতীয় নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনার বিষয়টিই এই মুহূর্তে সরকারের প্রধান বিবেচ্য বিষয়৷
এদিকে বন্দীদের মুক্ত করতে সরকারকে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের আরজি জানিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন৷
বন্দীসংকট নিয়ে গতকাল দিল্লিতে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই সেই বৈঠকে সভাপতিত্ব করেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, গোয়েন্দাপ্রধান ও উচ্চপদস্থ অন্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন৷ সমস্যা সমাধানে দিল্লি থেকে বাগদাদে পাঠানো ইরাকের সাবেক রাষ্ট্রদূত সুরেশ রেড্ডির সঙ্গেও ওই বৈঠকে মতবিনিময় করা হয়৷
সংবাদ সম্মেলনে আকবরউদ্দিন বলেন, ‘সরকার কোনো কিছুই খামতি রাখছে না৷ সব দরজায় তারা কড়া নাড়ছে৷ সামনের দরজা, পেছনের দরজা, অন্য দরজা—সর্বত্র৷’ তিনি অবশ্য এদিনও জানিয়ে দেন, বন্দী অবস্থায় যাঁরা রয়েছেন, তাঁদের নিরাপত্তা যে নিশ্চিত, তা বলা যাবে ন৷ কারণ, ইরাকে যুদ্ধ চলছে৷
বন্দীদের অবস্থান সম্পর্কে ইরাক সরকার ভারতকে জানিয়েছে উল্লেখ করে আকবরউদ্দিন বলেন, একজন বন্দী কোনো রকমে পালিয়ে এসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন৷ ভারতীয়দের সঙ্গে অন্য দেশের নাগরিকেরাও বন্দী রয়েছেন৷