ভারতে অভিযুক্ত আইনপ্রণেতাদের নিয়ে চাপে রাজনৈতিক দলগুলো
ভারতে ফৌজদারি অপরাধে অভিযুক্ত সাংসদ এবং বিধায়কদের সদস্যপদ বাঁচাতে কেন্দ্রীয় সরকার সম্প্রতি একটি অধ্যাদেশ জারি করে। তবে ওই অধ্যাদেশটি কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর চাপে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত বুধবার খারিজ করে দেয়। এরপর ভারতের বিভিন্ন রাজ্যে ফৌজদারি অপরাধের অভিযোগ থাকা সাংসদ এবং বিধায়কদের মধ্যে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
কংগ্রেসের সাংসদ ও সাবেক মন্ত্রী রশিদ মাসুদ এবং পরে রাষ্ট্রীয় জনতা দলের (জেডিইউ) সুপ্রিমো লালুপ্রসাদ যাদব আদালতে দোষী সাব্যস্ত হয়ে সংসদ সদস্যপদ হারানোর ঘটনাটি রাজনৈতিক মহলকে আরও শঙ্কিত করে তুলেছে। বিশেষ করে সুপ্রিম কোর্টের নির্দেশমতো এখন সাংসদ-বিধায়কদের দুই বছরের বেশি কারাদণ্ড হলেই তাঁর সদস্যপদ খোয়াতে হবে।
ভারতের অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফরমস তাদের এক সমীক্ষা রিপোর্টে সম্প্রতি বলেছে, বর্তমানে লোকসভার ৫৪৩ জন সাংসদের মধ্যে ১৬২ জনের বিরুদ্ধে রয়েছে নানা ফৌজদারি অপরাধের মামলা। এর মধ্যে কংগ্রেসের ১৪, বিজেপির ১৮, সমাজবাদী পার্টির আট, বহুজন সমাজ পার্টির ছয়, এডিএমকের চার, নীতিশ কুমারের সংযুক্ত জনতা দলের তিনজন সাংসদ আছেন। আবার বর্তমান রাজ্যসভার ২৩০ জন সাংসদের মধ্যে ৪০ জনের বিরুদ্ধেও আছে একই মামলা।
এ ছাড়া বিভিন্ন রাজ্য বিধানসভার চার হাজার ৩২ জন বিধায়কের মধ্যে এক হাজার ২৫৮ জনের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অপরাধের মামলা। এসব মামলার মধ্যে মধ্যে রয়েছে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির মতো অভিযোগ। অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফরমস তাদের ওই সমীক্ষা রিপোর্টে আরও বলেছে, ২০০৪ সাল থেকে এ পর্যন্ত ভারতের লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬২ হাজার ৮৪৭ জন প্রার্থী। এর মধ্যে ১১ হাজার ৩০ জনের বিরুদ্ধে ছিল বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগ। এই সংখ্যার মধ্যে আবার পাঁচ হাজার ২৫৩ জনের বিরুদ্ধে ছিল খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির মতো অভিযোগ। ফলে এবার এসব মামলায় সাংসদ বা বিধায়কেরা অভিযুক্ত হলেই তাঁদের হারাতে হবে সাংসদ বা বিধায়কের পদ।
এসব তালিকার মধ্যে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে আছেন কংগ্রেসের সুরেশ কালমাদি, বিজেপির অমিত শাহ, ডিএমকের এ রাজা, ডিএমকে নেতা করুণানিধির মেয়ে কানি মোঝি, কর্ণাটকের বিজেপির দলছুট নেতা বি এস ইয়েদুরাপ্পা, অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের জগমোহন রেড্ডি, পাঞ্জাবের আকালি দলের নেতা সুখবীর সিংহ বাদল, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধুকোড়া প্রমুখ।