ভারতে অর্থনৈতিক সংস্কার অনুমোদন করল কংগ্রেস
ভারতে খুচরা পণ্যের বাজারে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগসহ (এফডিআই) কেন্দ্রীয় সরকারের নতুন অর্থনৈতিক সংস্কার কর্মসূচি অনুমোদন দিয়েছে কংগ্রেস। গতকাল মঙ্গলবার নয়াদিল্লির ১০ জনপথে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার থেকে তৃণমূল কংগ্রেস বেরিয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, সরকার ‘স্থিতিশীল’ আছে।ভারতের মন্থর হয়ে আসা অর্থনীতির চাকা সচল করতে গত সপ্তাহে ইউপিএ সরকার সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করে। এর প্রতিবাদে জোটের অন্যতম শরিক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিক্ষোভ শুরু করে এবং শেষ পর্যন্ত জোট থেকে বেরিয়ে যায়। তবে এই চাপের মুখেও নতি স্বীকার করেনি সরকার। তারা সংস্কার কর্মসূচিতে অনড় অবস্থানে থাকে।প্রধানমন্ত্রী মনমোহন সিং কমিটিকে আশ্বস্ত করে বলেন, নতুন এই সংস্কার কর্মসূচি দেশের হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।সোনিয়া গান্ধীর সভাপতিত্বে বৈঠকে ৩২ জন সদস্য অংশ নেন। অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল না হলে সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে না। ইউপিএর কোনো লক্ষ্যই পূরণ হবে না। সরকার তাই নতুন এই সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। সংস্কারের যৌক্তিকতা তুলে ধরে অর্থমন্ত্রী আরও বলেন, ‘এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে বৈশ্বিক আর্থিক মন্দার নেতিবাচক প্রভাব আমাদের দেশের ওপর না পড়ে।’অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে মনমোহন বলেন, দেশের অর্থনীতি মজবুত না হলে গরিব মানুষের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। কংগ্রেস সভানেত্রী বলেন, দেশের অর্থনৈতিক সংস্কার জরুরি হয়ে পড়েছিল। টাইমস অব ইন্ডিয়া।