ভারতে আট রাজ্যে মাওবাদীদের বনেধর ডাক
ভারতের আটটি রাজ্যে পুনরায় ৪৮ ঘণ্টার বন্ধ্ ডেকেছে মাওবাদীরা। মাওবাদী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও দলের মুখপাত্র চেরুকুরি রাজকুমার ওরফে আজাদ হত্যার প্রতিবাদে এই বন্ধ্ ডাকা হয়েছে। ১৩ সেপ্টেম্বর ভোর ছয়টা থেকে বন্ধ্ শুরু হবে। গত শুক্রবার রাতে মাওবাদী নেতা কিষেণজির পক্ষে অপর নেতা রাজু সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।আটটি রাজ্য হলো মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, ওড়িশা, বিহার ও পশ্চিমবঙ্গ। এর মধ্যে মহারাষ্ট্রের মাওবাদী অধ্যুষিত তিনটি জেলা ও মধ্য প্রদেশের মাওবাদী অধ্যুষিত একটি জেলায় এই বন্ধ্ চলবে। রাজু বলেন, ‘আমরা আজাদের হত্যারহস্য তদন্তের দাবিতে এই ৪৮ ঘণ্টার বন্ধ্ ডেকেছি। আমরা তিনজন সাবেক বিচারপতির সমন্বয়ে তদন্ত কমিশন গঠন করার দাবি জানাচ্ছি।’ একই সঙ্গে দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের পদত্যাগও দাবি করেন তিনি। হত্যার হুমকি: বিহারে মাওবাদীদের হাতে অপহূত চার পুলিশ সদস্যের মধ্যে একজন পুলিশ কর্মীকে গত বৃহস্পতিবার হত্যা করেছে মাওবাদীরা। তারা হুমকি দিয়েছে, বিহার জেলে বন্দী আটজন মাওবাদীকে মুক্তি না দিলে অন্য তিন পুলিশকেও তারা হত্যা করবে। বন্দীদের মুক্তি দিতে মাওবাদীদের বেঁধে দেওয়া সময় শুক্রবার সকাল ১০টায় শেষ হয়ে যায়। যৌথ বাহিনী ওই পুলিশ সদস্যদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছে। গতকাল শনিবার দুই মাওবাদীসহ অপহরণের মূল হোতা প্রদীপ কুমারকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত রোববার বিহার রাজ্যের লখিসরাই জেলার জঙ্গলমহলের রামতলনগর গ্রামে যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধে সাত নিরাপত্তাকর্মী নিহত হন। এ সময় মাওবাদীরা চার পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে যায়।