ভারতে আবার বিষাক্ত চোলাই মদ খেয়ে ১৭ জনের মৃত্যু
পশ্চিমবঙ্গের পর এবার ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে বিষাক্ত চোলাই মদ খেয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। কয়েক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গে চোলাই মদ খেয়ে ১৭০ জনের মৃত্যু হয়।রাজ্যের শুল্ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, খ্রিষ্টীয় নববর্ষ পালনের প্রাক্কালে কৃষ্ণা জেলার একটি আদিবাসী-অধ্যুষিত গ্রামে বিষাক্ত চোলাই মদ খেয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গতকালও দুজনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, মারা যাওয়া ব্যক্তিদের সবাই দিনমজুর। তাঁদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।কৃষ্ণা জেলার যুগ্ম কালেক্টর গৌরব উপ্পল জানিয়েছেন, ওই ঘটনায় আরও ২৪ জন গুরুতর অসুস্থ হয়েছেন। তাঁরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে রাজ্য সরকার মারা যাওয়া ব্যক্তিদের পরিবারপ্রতি দুই লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।বিষাক্ত চোলাই মদ খেয়ে প্রাণহানির ঘটনায় অন্ধ্র প্রদেশের দুজন অ্যালকোহল নিয়ন্ত্রণ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং মদের নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য তা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।এদিকে ওই ঘটনার প্রতিবাদে তেলেগু দেশম, বিভিন্ন নারী সংগঠন ও বাম দলগুলো হাসপাতালের সামনে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা দোষী ব্যক্তিদের শাস্তি, শুল্কমন্ত্রীর পদত্যাগ এবং মারা যাওয়া ব্যক্তিদের পরিবারপ্রতি ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে। এএফপি।