ভারতে আবারও চলন্ত বাসে ধর্ষণ
ভারতে আবার চলন্ত বাসে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার ভোপালের সিংগ্রাউলি জেলায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
জেলার নালহাঠানি এলাকায় এক আত্মীয়র বাড়িতে গিয়েছিল ওই কিশোরী। বাড়ি ফেরার জন্য রোববার রাতে সে বাসে ওঠে। বাসে তখন পাঁচজন আরোহী ছিল। এদের মধ্যে তিনজন তাকে ধর্ষণ করে। পরে তাকে বাস থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং পুলিশে খবর দেয়। সে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পায়।
পরে হাসপাতালে ওই কিশোরী জানায়, তিনজন তাকে ধর্ষণ করার পর সে অচেতন হয়ে পড়ে। অপর দুজন তাকে ধর্ষণ করেছে কি না, তা সে জানে না। এলাকার পুলিশ পরিদর্শক আশীষ সিং জানান, হাসপাতালে ওই কিশোরীর চিকিত্সা চলছে। তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হিন্দুস্তান টাইমস।