ভারতে আবারও চালু পানশালা-নৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানশালা পরিচালনা, পতিতাবৃত্তি—সবকিছুরই আইনি বৈধতা আছে ভারতে। গোল বেধেছিল শুধু পানশালায় নাচগান নিয়ে। যুবসমাজের নৈতিক অবক্ষয় হচ্ছে, এ অভিযোগ করে ২০০৫ সালে পানশালায় নারীদের নাচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মহারাষ্ট্রের রাজ্য সরকার। রাজধানী মুম্বাইসহ মহারাষ্ট্রের অনেক জায়গাতেই বন্ধ করে দেওয়া হয়েছিল এই নাচ। তবে আজ সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভারতের পানশালার মালিকেরা। আবারও বৈধতা দেওয়া হয়েছে এই পানশালা-নৃত্যকে।

২০০৫ সালে নিষেধাজ্ঞা আরোপের আগে মহারাষ্ট্রে এক হাজার ৪০০টি পানশালায় চালু ছিল নাচগানের। সেগুলোতে কাজ করতেন এক লাখেরও বেশি নারী। হঠাত্ করে এটা বন্ধ করে দেওয়ায় চাকরি হারিয়েছিলেন অনেকে। তাত্ক্ষণিকভাবে প্রতিবাদ-বিক্ষোভও করেছিলেন পানশালার নর্তকীরা। মুম্বাইয়ের আদালতে পাল্টা আবেদনও করেছিলেন পানশালার মালিকেরা। ২০০৬ সালের এপ্রিলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশও দিয়েছিলেন মুম্বাইয়ের হাইকোর্ট। তবে তাতেও ক্ষান্ত হয়নি মহারাষ্ট্রের রাজ্য সরকার। নিষেধাজ্ঞা বজায় রাখার জন্য আবারও তারা আবেদন করে সুপ্রিম কোর্টে। সে সময় চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত পানশালাগুলোতে নাচ বন্ধ রাখার আদেশ দিয়েছিলেন ভারতের সর্বোচ্চ আদালত। অবশেষে আজ দেওয়া হয়েছে সেই চূড়ান্ত রায়। আবারও পানশালাগুলোতে নাচের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর পানশালা মালিক সমিতির সভাপতি মানজিত শেঠি সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, ‘হাজার হাজার নারী এখন স্বস্তি পাবেন। সরকারি আদেশের পর চাকরি হারানো লাখ লাখ কর্মীও এখন আবার কাজে ফিরতে পারবেন।’ বিবিসি অনলাইন ও দ্য হিন্দু।