ভারতে ইউরেনিয়াম রপ্তানির পক্ষে গিলার্ডের দলের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি ভারতে ইউরেনিয়াম রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে সমর্থন দিয়েছে।জাপানের পরমাণু বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে পরমাণু অস্ত্র ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির নিরাপত্তার বিষয়ে গতকাল রোববার দলীয় মহাসম্মেলনে এক বিতর্কের পর ওই সমর্থন দেওয়া হয়। সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের আনা ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাবটির পক্ষে পড়েছে ২০৬ ভোট আর বিপক্ষে পড়েছে ১৮৫ ভোট।পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে ভারত সই না করায় অস্ট্রেলিয়া এক দশক ধরে ভারতে ইউরেনিয়াম রপ্তানি বন্ধ রেখেছিল। তবে গিলার্ড যুক্তি দেখিয়ে বলেন, বিশ্বের উঠতি শক্তি হিসেবে চীনের কাছে ইউরেনিয়াম বিক্রি করা হবে; অথচ ‘বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ’ ভারতের কাছে ইউরেনিয়াম বিক্রি করা হবে না, বিষয়টি যৌক্তিক নয় এবং এটা সমর্থন করা যায় না। গিলার্ড আরও বলেন, ভারতের কাছে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম বিক্রি বন্ধ রাখলে দেশটি পরমাণু অস্ত্র তৈরি না করার সিদ্ধান্ত নেবে, এমন কোনো কারণ নেই।পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাড সতর্ক করে দিয়ে বলেন, ‘বাণিজ্য শুরুর আগে ভারতকে “কঠিন” শর্ত মেনে নিতে হতে পারে এবং আমি মনে করি, এটা দীর্ঘ, বিস্তারিত এবং কঠিন আলোচনা হতে পারে।’ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, বিশ্বের ইউরেনিয়াম মজুদের ২৩ শতাংশ আছে অস্ট্রেলিয়ায়। কিন্তু দেশটি বিশ্ববাজারে মাত্র ১৭ শতাংশের জোগান দেয়। এএফপি।