ভারতে উপরাষ্ট্রপতি পদে কংগ্রেসের পছন্দের তিনজন
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই অনুষ্ঠিত হবে উপরাষ্ট্রপতি নির্বাচন। আগস্ট মাসের প্রথমার্ধেই এই নির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশনও শুরু করেছে প্রাথমিক কাজ।উপরাষ্ট্রপতি নির্বাচনে কে প্রার্থী হবেন, এ নিয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএ শিবিরে এরই মধ্যে শুরু হয়েছে জল্পনাকল্পনা। রাজনৈতিক মহলে উঠে এসেছে তিনটি নাম। এঁরা হলেন বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, নাগাল্যান্ডের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা এস সি জামির ও প্রবীণ কংগ্রেস নেত্রী মহসিনা কিদওয়াই।ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা বা এনডিএ রাষ্ট্রপতি পদে পি এ সাংমাকে প্রার্থী করায় ইউপিএ উপরাষ্ট্রপতি পদে সাংমার মতোই একজন সংখ্যালঘুকে প্রার্থী করতে পারে বলে ভাবা হচ্ছে। সে ক্ষেত্রে জামির হবেন সেই প্রার্থী। কেননা তিনিও সাংমার মতো খ্রিষ্টান।এ ছাড়া ইউপিএর অনেক শরিকই চাইছেন, বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে আরেক মেয়াদে নির্বাচিত করা হোক। সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবও তা-ই চাইছেন বলে শোনা যাচ্ছে। এর আগে দুই মেয়াদে উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লি রাধাকৃষ্ণান।