ভারতে এবার থানায় গণধর্ষণের অভিযোগ
ভারতের উত্তর প্রদেশে দুই কিশোরীকে গণধর্ষণ ও হত্যার পর গাছে লাশ ঝুলিয়ে দেওয়ার ঘটনার রেশ কাটতে না-কাটতেই এবার পুলিশ স্টেশনের ভেতরে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে রাজ্যের হামিরপুর জেলার একটি থানায় এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার এএফপির খবরে জানানো হয়, চারজন পুলিশ কর্মকর্তা থানায় আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
ওই নারী অভিযোগ করেন, থানায় আটক স্বামীকে ছাড়িয়ে আনতে সোমবার রাতে থানায় যান তিনি। এ সময় স্বামীর মুক্তির বিনিময়ে তাঁর কাছে ঘুষ চাওয়া হয়। ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় থানার উপপরিদর্শক তাঁকে নিজ কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন বলে তিনি অভিযোগ করেন। এ সময় থানায় আর কেউ ছিল না। এ ঘটনায় গতকাল একটি মামলা করেছেন ওই নারী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হামিরপুরের পুলিশ কর্মকর্তা বলবীর সিং জানান, ওই থানার চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
হামিরপুরের আরেক পুলিশ কর্মকর্তা বীরেন্দ্র কুমার শেখর জানান, অপরাধীদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।
গতকাল উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় ৪৫ বছর বয়সী আরেক নারীর লাশ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ওই নারীকেও ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে তাঁর স্বামী ও ছেলে অভিযোগ করেন।
সম্প্রতি উত্তর প্রদেশে একের পর এক ধর্ষণ ও হত্যার ঘটনা ভারতজুড়ে চরম নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। গতকাল লোকসভায় দেওয়া ভাষণে ধর্ষণ নিয়ে রাজনীতি না করতে রাজনীতিবিদদের সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নারীদের সুরক্ষা বিধানে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।