ভারতে এবার ধর্ষণরোধী জুতা, জিন্স ও অন্তর্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের ১৬ ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে প্যারা মেডিকেলের ছাত্রী ‘নির্ভয়া’ গণধর্ষণের শিকার হওয়ার পর নারীদের রক্ষায় নানা উদ্যোগ নেওয়া অব্যাহত রয়েছে। নির্ভীক রিভলবার এবং ‘টেলি অ্যালার্ম ডিভাইস’–এর পর এবার বের করা হলো ধর্ষণরোধী জুতা, জিনস ও অন্তর্বাস।
উত্তর প্রদেশের বারানসির প্রকৌশল কলেজের ছাত্রী রিজুল পান্ডে ও শালিনী যাদব যে জুতা তৈরি করেছেন, সেটা দিয়ে কাউকে আঘাত করলে বৈদ্যুতিক শক লাগবে। জুতায় লাগানো একটি যন্ত্রের মধ্যে থাকবে এসওএস বোতাম। ওই বোতাম চাপলে মুঠোফোনের মাধ্যমে নির্দিষ্ট কয়েকজনের কাছে পৌঁছাবে বার্তা।
একই কলেজের ছাত্রী দীক্ষা পাঠক ও অঞ্জলী শ্রীবাস্তব তৈরি করেছেন বৈদ্যুতিক জিন্স। এতেও থাকবে এসওএস বোতাম। বিপদে পড়লে বার্তা চলে যাবে জিপিএসের মাধ্যমে যুক্ত থাকা মুঠোফোনে।
আর ধর্ষণরোধী অন্তর্বাস ‘শি’ তৈরি করেছেন চন্ডীগড়ের কলেজ ছাত্রী মণীষা মোহন এবং তাঁর দুই বান্ধবী। এই অন্তর্বাসের ভেতরে থাকবে দুটি স্তর, যেখানে থাকছে বৈদ্যুতিক যন্ত্র। রয়েছে সুইচ। বিপদের সময় সুইচ চাপার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক শক লাগবে আক্রমণকারীর শরীরে। কিন্তু যিনি এই অন্তর্বাস পরে আছেন তাঁর গায়ে লাগবে না শক।
এই আবিষ্কারের জন্য আজ মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে মণীষাকে।