ভারতে ওভারব্রিজ ভেঙে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামের কাছে গতকাল মঙ্গলবার একটি নির্মাণাধীন ওভারব্রিজ ভেঙে পড়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানান। দিল্লিতে কমনওয়েলথ গেমস শুরু হওয়ার কয়েক দিন আগে এ ঘটনা ঘটল। এই স্টেডিয়ামেই কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। কমনওয়েলথ গেমস আগামী ৩ অক্টোবর শুরু হয়ে ১৪ অক্টোবর শেষ হবে। দিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভাগত বলেন, জওহরলাল নেহরু স্টেডিয়ামের ৩ নম্বর গেটের কাছে অবস্থিত নির্মাণাধীন ওই সেতুটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ৫০ মিটার লম্বা ওই সেতুটির অবকাঠামো ইস্পাতের তৈরি।তিনি আরও বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাস্তব পরিস্থিতির চেয়ে টেলিভিশনে অপেক্ষাকৃত ভয়াবহভাবে সংবাদটি উপস্থাপন করা হচ্ছে। ঘটনাস্থল থেকে সংবাদ সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। এদিকে দিল্লির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাকেশ মেহতা সিএনএন-আইবিএম টেলিভিশনকে বলেন, প্রকৌশলীরা বিষয়টি তদন্ত করে দেখছেন। এএফপি, রয়টার্স ও বিবিসি।