ভারতে কংগ্রেসের বিক্ষুব্ধদের পিছটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্ল্যাকমেলের রাজনীতির কাছে মাথা না নোয়ানোর স্পষ্ট ইঙ্গিতের দরুন কংগ্রেসের বিক্ষুব্ধরা কিছুটা পিছু হটেছেন। মহারাষ্ট্র সরকার থেকে পদত্যাগী শীর্ষ কংগ্রেস নেতা রাজ্যের শিল্পমন্ত্রী নারায়ণ রানে গতকাল মঙ্গলবার দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে। তিনি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে দিল্লি আসছেন।
একইভাবে আসামের পদত্যাগী স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাও দলের কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে বিন্দুমাত্র সমর্থন পাচ্ছেন না। এই রাজ্যের ১৩ জন মন্ত্রী গত মঙ্গলবার একযোগে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। রাহুল গান্ধীও বুঝিয়ে দিয়েছেন, কোনো ব্ল্যাকমেলের রাজনীতি তাঁরা বরদাস্ত করবেন না। মঙ্গলবার তিনি বলেন, আসামে যা হচ্ছে, তা দলের অভ্যন্তরীণ বিষয়। নেতৃত্বে পরিবর্তন আনতে হলে তা ঐকমত্যের ভিত্তিতেই আনতে হবে।
মহারাষ্ট্র বিধানসভার ভোট এ বছরই। ওই রাজ্যে কংগ্রেস লোকসভা ভোটে খুবই খারাপ ফল করেছে। কংগ্রেস-এনসিপি জোটও বেশ নড়বড়ে। এই অবস্থায় রানের বিদ্রোহ কংগ্রেসকে আরও দুর্বল করবে বলেই ধারণা। কিন্তু যাদের ওপর নির্ভর করে রানে এই চাপের রাজনীতি করছেন, সেই বিজেপিকে মঙ্গলবার কড়া বার্তা দিয়েছেন শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে। বিজেপির সভাপতি অমিত শাহকে তিনি বলেছেন, রানেকে দলে নেওয়ার চেষ্টা করলে তাঁরা জোট ছেড়ে বেরিয়ে আসবেন। রানের ওপর উদ্ধবের রাগের সংগত কারণও আছে। উদ্ধবকে উত্তরাধিকারী করায় ২০০৫ সালে বালা সাহেব ঠাকরের বিরুদ্ধে বিষোদ্গর করে রানে দল ছেড়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, যার পঞ্চায়েতপ্রধান হওয়ার যোগ্যতা নেই, বালা সাহেব তাঁকে দলের সভাপতি করছেন।
বিজেপিতে যোগ দিতে না পারলে মহারাষ্ট্রের রাজনীতিতে রানের টিকে থাকা কঠিন। বিজেপিতে যেতে পারবেন না, শিবসেনায়ও জায়গা হবে না, মহারাষ্ট্র নবনির্মাণ সেনায় গিয়ে লাভ নেই। অগত্যা সেই কংগ্রেসেই থাকতে হবে। সম্ভবত এ কারণেই মঙ্গলবার তিনি দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে। দিল্লি এসে সোনিয়া গান্ধীর সঙ্গেও তিনি তাঁর ক্ষোভ নিয়ে কথা বলবেন।
রাহুল ও সোনিয়া গত ১০ বছরে কখনো বিক্ষুব্ধদের পাত্তা দেননি। সে কারণে দিল্লিতে শীলা দীক্ষিতকে বিক্ষুব্ধরা ১০ বছরেও সরাতে পারেননি। হরিয়ানায় ভূপিন্দর সিং হুডাকেও মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো যায়নি। ভোটে বিপর্যয় সত্ত্বেও আসামে তরুণ গগৈ ও মহারাষ্ট্রে পৃথ্বীরাজ চৌহান বহাল। রাজস্থানে টানা পাঁচ বছর অনড় ছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এর একটা কারণ আনুগত্য হলেও প্রধান কারণ ছিল স্বচ্ছ ভাবমূর্তি।
তরুণ গগৈ ও পৃথ্বীরাজের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ কখনো ওঠেনি। পাশাপাশি গগৈয়ের বিরুদ্ধে বিদ্রোহ করা হেমন্ত বিশ্বশর্মার ভাবমূর্তি নিয়ে বহু প্রশ্ন রয়েছে। তোলাবাজির অভিযোগে একসময় তাঁকে কারাগারেও যেতে হয়েছিল। কংগ্রেসের মুখপাত্র রণবীর সিং সুরজেওয়ালা মঙ্গলবার জানান, কারও কোনো চাপ নয়, ঠিক সময়ে দল সিদ্ধান্ত নেবে। কোনো কোনো নেতা ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখছেন। দল সব সময় ব্যক্তির ঊর্ধ্বে।