ভারতে কুসংস্কারবিরোধী কর্মী খুন

ভারতের এক যুক্তিবাদী চিন্তককে আজ মঙ্গলবার গুলি করে খুন করা হয়েছে। ‘দ্য ডন’ বলছে, তিনি দীর্ঘদিন থেকে কুসংস্কার ও কালা জাদু বিরোধী একটি আইন প্রণয়নের দাবিতে আন্দোলন করে আসছিলেন।
মহারাষ্ট্র প্রদেশের পুনে শহরের পুলিশ প্রধানের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, আজ সকালে চিকিত্সক নরেন্দ্র ডাভোলকার যখন আজ সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন, সে সময় দুজন বন্ধুকধারী মোটরসাইকেলে চড়ে এসে তাঁকে গুলি করে চলে যায়।
পুনের পুলিশ কমিশনার গুলাবারো পোল বলেন, ‘আজ সকালে তিনি (নরেন্দ্র) খুন হওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি।’ তিনি বলেন, হত্যার পেছনের উদ্দেশ্য খুঁজে দেখা হচ্ছে, তবে এখনো কাউকে সন্দেহ করা হচ্ছে না।
নরেন্দ্র প্রায় দু দশক আগে মহারাষ্ট্র অন্ধশ্রাদ্ধ নির্মূলন কমিটি গঠন করেন। কার্যত ভারতের সমাজে হাজার বছর ধরে টিকে থাকা কুসংস্কার দূর করাই ছিল এ কমিটির মূল লক্ষ্য। এ জন্য তিনি তাঁর সাথীদের নিয়ে প্রগতিশীল ও বৈজ্ঞানিক চিন্তা বিকাশে কাজ করছিলেন।
তিনি গত কয়েক বছর ধরে একটি কুসংস্কার বিরোধী আইন প্রণয়নের জন্য মহারাষ্ট্র সরকারকে চাপ দিচ্ছিলেন। এসব তত্পরতা কারণে এক সময় তাঁর বিরুদ্ধে ‘ধর্মবিরোধী’ হওয়ার অভিযোগ আসে। তবে তিনি তা বিভিন্ন সময় অস্বীকার করে এসেছেন।
বছর দুয়েক আগে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাত্কারে নরেন্দ্র বলেন, ‘প্রস্তাবিত আইনটির কোথাও ঈশ্বর বা ধর্মের কথা বলা নেই। এ ধরনের কোনো কথাও ছিল না। ভারতের সংবিধানের সবার ধর্ম পালনের স্বীকৃতি দেওয়া হয়েছে, এ অধিকারে কেড়ে নেওয়ার সাধ্য কারো নেই।’
তবে ভারতের বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি, যাঁরা নিজেরা অলৌকিক ক্ষমতার অধিকারী বলে দাবি করেন, নরেন্দ্র তাঁদের বিভিন্ন সময়ে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। বিভিন্ন ধর্মানুষ্ঠানে পশু কোরবানি বা বলি দেওয়ার প্রথার বিরোধিতা করতেন তিনি। তিনি সাধনা নামের একটি সাময়িকী প্রকাশ করতেন।
মানবাধিকার সংগঠনের প্রখ্যাত নেতা সুমিতা পদ্মনাবান নরেন্দ্র হত্যায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনার মধ্যদিয়ে ভারতের সব যুক্তিবাদীদের ওপরে হামলা করা হলো। তিনি আরও বলেন, ‘এ দেশে যৌতুক, ডাইনি-ধরা ও শিশু বিবাহের বিরুদ্ধে আইন থাকলেও অন্ধবিশ্বাস বিরোধী আইন নেই।’
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হত্যাকারীদের অবশ্যই বিচার করা হবে।