ভারতে খাদ্যসংকট নিয়ে কেন্দ্রের সতর্কতা
ভারতে অনাবৃষ্টির আশঙ্কার মধ্যে সম্ভাব্য কৃত্রিম খাদ্যসংকটের মোকাবিলায় দেশের সব রাজ্যকে সজাগ করে দিল কেন্দ্র সরকার। গতকাল শুক্রবার রাজধানীতে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খাদ্যমন্ত্রীদের এক সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, গত বছরের তুলনায় এ বছর দেশে খাদ্য উৎপাদন বেশি হলেও অসাধু ব্যবসায়ীরা কোনো কোনো পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে চাইছেন। সব রাজ্য সরকারকে কড়া হাতে এর মোকাবিলা করতে হবে।
এ বছর অনাবৃষ্টির আশঙ্কা প্রবল। স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। জুন মাসে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায় ৫০ শতাংশ কম। জুলাই মাসে ঘাটতি কিছুটা কমলেও সার্বিকভাবে ফসল উৎপাদন মার খেতে পারে।
মূল্যবৃদ্ধি রোধে কেন্দ্রীয় স্তরে কিছু ব্যবস্থা নেওয়া হলেও রাজ্যগুলোর সঙ্গে কাঁধ মিলিয়ে মোকাবিলার জন্য কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান এক বৈঠক ডাকেন। সেখানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিংও উপস্থিত ছিলেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করার বিশেষ দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, খরা ও ইরাকের পরিস্থিতির জন্য দেশের অর্থনীতি একটু বেসামাল হতে পারে কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বরং এই সুযোগে যারা খাদ্য মজুত করে অন্যায় মুনাফা লুটতে চাইছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।