ভারতে গণধর্ষণের পর দু্ই কিশোরীকে ঝুলিয়ে হত্যা
ভারতের উত্তর প্রদেশের বেদুইন জেলার একটি গ্রামে দুই কিশোরীকে গণধর্ষণের পর গাছে ঝুলিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।
নিহত একজন কিশোরীর বাবা বিবিসিকে বলেছেন, নিম্ন বর্ণের মানুষ হওয়ায় হত্যার ঘটনা নথিভুক্ত করতে গেলে পুলিশের কর্মকর্তারা তাঁকে ব্যঙ্গবিদ্রূপ করেন। তিনি আরও বলেন, ‘এ ঘটনায় থানায় গেলে, প্রথমেই তাঁরা আমার জাত সম্পর্কে জানতে চান। যখনই আমার জাত সম্পর্কে জানালাম, তাঁরা আমাকে অমর্যাদা করা শুরু করল।’
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, অপরাধী যে-ই হোক তার শাস্তি হবে। এদিকে প্রদেশের অপর রাজনৈতিক দলের নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য অখিলেশের পদত্যাগ দাবি করেছেন।
নিহত এক কিশোরীর পরিবারের একজন জানান, ১৪ ও ১৬ বছরের দুই মেয়ে গত মঙ্গলবার রাতে নিখোঁজ হয়। পরদিন বুধবার সকালে উত্তর প্রদেশের কাটরা গ্রামের গাছে তাদের ঝুলন্ত লাশ পাওয়া যায়। এরা দুজন সম্পর্কে আত্মীয়।
নিহত এক কিশোরীর বাবা বলেছেন, পুলিশকে মৃত্যুর ঘটনা তদন্ত করতে বললে তারা প্রথমে তা করতে অস্বীকৃতি জানায়। পরে গ্রামবাসী মৃতদেহ নিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ পদক্ষেপ নিতে রাজি হয়।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অতুল সাক্সেনা বলেছেন, পুলিশের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগের ‘পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ হবে।
২০১২ সালের ডিসেম্বরে দিল্লিতে মেডিকেলের এক ছাত্রীর গণধর্ষণের শিকার হন। এ নিয়ে তীব্র প্রতিবাদের মুখে দেশটিতে যৌন অপরাধবিষয়ক আইন কঠোর করা হয়। যদিও দেশটিতে ধর্ষণের ঘটনায় মামলার সংখ্যা এখনো খুবই কম, তবে এর কারণ হিসেবে মনে করা হয় গ্রামে এ ধরনের ঘটনা খুব একটা প্রকাশ্যে আসে না।