ভারতে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে নিহত ১৪
ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের ইস্ট গোদাভারি জেলার নাগারাম গ্রামে আজ শুক্রবার ভোরে গ্যাসের একটি পাইপলাইনে প্রচণ্ড বিস্ফোরণে অন্তত ১৪ জন জীবন্ত পুড়ে মারা গেছেন। দগ্ধ হয়ে আহত ১৫ জন।
টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে জানানো হয়, স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে রাষ্ট্রনিয়ন্ত্রিত সংস্থা গ্যাস অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের (জিএআইএল) একটি পাইপলাইনে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় অন্তত ৩০ জন মানুষ আটকা পড়েন। আগুনে ওই গ্রামের শতাধিক নারকেলগাছ, পাখি ও গবাদিপশু পুড়ে গেছে। এ ছাড়া অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকান ছাই-ভস্মে ডেকে গেছে।
ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চিন্ন রাজাপ্পা। তবে রাজ্যের অর্থমন্ত্রী ইয়ানামালা রামকৃষ্ণরু ১৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাস্থলে জরুরি উদ্ধারকাজ পরিচালনা ও ত্রাণসহায়তা দিতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
পাইপলাইনের মাত্র ৫০ কিলোমিটারের রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন কোম্পানির (ওএনজিসি) একটি গ্যাস ফিল্ড রয়েছে। ঘটনার পর পর এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, গ্যাসপাইপ লাইনটি পুরোনো ছিল। আগেই এতে মরিচা ধরে ছিদ্র হয়ে গিয়েছিল। সরকারি কর্মকর্তাদের বিষয়টি জানানো হলেও তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি। তাঁদের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ গ্রামবাসীর।