ভারতে চীনের হামলার আশঙ্কা নেই: মনমোহন
সীমান্ত পরিস্থিতি নিয়ে দ্বিপক্ষীয় আলোচনায় যথেষ্ট অগ্রগতি না হওয়া সত্ত্বেও ভারতের ওপর আক্রমণের পরিকল্পনা নেই চীনের। গতকাল বুধবার ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী মনমোহন সিং এ কথা বলেন। মনমোহন বলেন, ভারতে চীন হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশিত হয়ে থাকলে তা ভুয়া।চীন বর্তমানে ভারতে হামলার পরিকল্পনা করছে বলে দাবি করে লোকসভায় বক্তব্য দেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়াম সিং যাদব। জবাবে মনমোহন বলেন, ভারত-চীন সীমান্তে বর্তমানে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। ২০০৫ সালের পর সীমান্ত নিয়ে দুই দেশের আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। মনমোহন আরও বলেন, ভারতে ব্রহ্মপুত্র নদের প্রবাহ বন্ধ করা হবে না বলে চীন তাঁকে আশ্বস্ত করেছে। ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধে ভারত বেশ মার খায়। চীনের সেনাবাহিনী ভারতের বেশকিছু এলাকা দখল করে নেয়। পরে চীনা সেনারা সরে যায়।রাশিয়া সফরে বৈশ্বিক রাজনীতিকে গুরুত্ব দেওয়া হবে: মনমোহনের আসন্ন রাশিয়া সফরে বৈশ্বিক রাজনীতির বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত অজয় মালহোত্রা। বিশ্বজুড়ে ক্ষমতার পরিবর্তিত সমীকরণের প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ভারতীয় রাষ্ট্রদূত। তিনি বলেন, বর্তমান বিশ্বে ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। এই যুগসন্ধিক্ষণে শান্তি ও স্থিতিশীলতার একটি বন্ধন হিসেবে কাজ করছে রুশ-ভারত সম্পর্ক। আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশের কয়েকটি ‘অভিন্ন ও সাধারণ’ লক্ষ্য রয়েছে। দ্বিপক্ষীয় সম্মেলনে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার, পশ্চিম এশিয়া, উত্তর অফ্রিকা ও আফগানিস্তান পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন প্রভৃতি বিষয় আলোচিত হবে।রাশিয়ার রাজধানী মস্কোয় আজ থেকে শুরু হতে যাচ্ছে ভারত ও রাশিয়ার মধ্যে তিন দিনব্যাপী দ্বিপক্ষীয় সম্মেলন। দুই দেশের শীর্ষস্থানীয় নেতৃত্ব ২০০০ সাল থেকে নিয়মিত এ সম্মেলনে অংশ নিচ্ছেন। এ ছাড়া আগামী মার্চে ভারতে অনুষ্ঠিত হবে উন্নয়নশীল পাঁচ দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট বিআরআইসিএসের শীর্ষ সম্মেলন। ভারত এ জোটের পরবর্তী সভাপতির দায়িত্ব নেবে। সর্বদলীয় বৈঠক: নতুন দুর্নীতিবিরোধী বিলের বিষয়ে সমঝোতার লক্ষ্যে ভারতীয় সরকারের উদ্যোগে গতকাল সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতিবিরোধী লোকপাল বিলের পরিকল্পনায় একজন নিরপেক্ষ ন্যায়পাল প্রতিষ্ঠার কথা রয়েছে, যিনি রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত ও তাঁদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাবেন। তবে সমাজকর্মী ও বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে, এই বিলে প্রধানমন্ত্রী ও নিম্নপদস্থ আমলাদেরও অন্তর্ভুক্ত করতে হবে। এর মধ্যে গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে হুমকি দিয়েছেন, পার্লামেন্টের চলতি অধিবেশনে বিলটি পাস না হলে তিনি আবারও অনশন শুরু করবেন। বিবিসি, টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু।