ভারতে ছাত্রাবাসে আগুন, ১৩ ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের আদিবাসী অধ্যুষিত পাহাড়ি রাজ্য অরুণাচল প্রদেশের একটি ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে ১৩ জন ছাত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আটজন ছাত্র। গত বুধবার দিবাগত গভীর রাতে ওই ছাত্রাবাসে আগুন লাগে। ছাত্রাবাসে ডন বস্কো স্কুলের ছাত্ররা থাকত। ব্যক্তিমালিকানায় পরিচালিত ওই ছাত্রাবাসটি ছিল বাঁশ আর খড়ের তৈরি। সেখানে বিদ্যুতের সংযোগও ছিল না। এমনকি সেখানে নেই টেলিফোন সংযোগও। মোম বা বিকল্প আলোতে ৬৪ জন ছাত্র পড়াশোনা করত। রাজধানী ইটানগর থেকে ২৬০ কিলোমিটার দূরের কুরুং-কুমে জেলার পালিনি অঞ্চলে ছাত্রাবাসটির অবস্থান। তবে ডন বস্কো স্কুলের অধ্যক্ষ ফাদার সোনি সাংবাদিকদের জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ১০ জন ছাত্রের মৃত্যু হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ না জানা গেলেও প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, জ্বলন্ত মোম থেকেই গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আহত ছাত্রদের জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে রাজধানী ইটানগরের হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন লাগার পর সিনিয়র ছাত্ররা ছাত্রাবাস থেকে বেরিয়ে যেতে পারলেও আটকে পড়ে শিশুরা। মৃত ছাত্রদের বয়স পাঁচ থেকে ১০ বছর।