ভারতে জনারণ্যে থাকা অদৃশ্য নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারের যত্নবঞ্চিত অনেক বিধবার আশ্রয় হয় বৃন্দাবনে। ছবি: বিবিসির সৌজন্যে
পরিবারের যত্নবঞ্চিত অনেক বিধবার আশ্রয় হয় বৃন্দাবনে। ছবি: বিবিসির সৌজন্যে

ভারতের দিল্লিতে এক গ্রামে বাস করেন খুদু। ফ্রক পরা খুদুকে পেছন থেকে দেখলে প্রথম দর্শনে মনে হবে ওই বাড়ির কিশোরী গৃহকর্মী। মুখটা ফিরিয়ে হাসি দেওয়া মাত্র ভুল ভেঙে যাবে। তিনি কিশোরী নন, মধ্য বয়সী।
বয়স্ক এই নারীর বয়স পঞ্চাশের ঘরে। বিয়ে হয়নি। বিধবা মা, চাচা-চাচি আর তাঁদের বর্ধিত পরিবারের সঙ্গে তাঁর বাস। এত লোকের ভিড়ে তিনি যে আছেন, পরিবারের লোকজন সেটা মাঝেমধ্যে ভুলেই যান। তাঁর অবস্থান অনেকটা এমন, ‘তিনি আছেন, কিন্তু আবার কোথাও নেই।’
বয়স্ক এক নারীকে ফ্রক পরিয়ে রেখেছেন কেন?—জানতে চাইলে খুদুর মায়ের উত্তর, ‘সে অবিবাহিত। বিবাহিত নারীদের মতো তাঁর পোশাক পরা শোভা পায় না।’
শুধু খুদু নন, ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী, ভারতে চার কোটির মতো নারী ‘একলা নারী’। এঁদের কেউ কেউ অবিবাহিত, কেউ বিবাহবিচ্ছেদের পর একা থাকেন, কেউ স্বামী মারা যাওয়ার পর পরিবার ছাড়া একা থাকেন। এমন কয়েকজন নারীর সঙ্গে কথা বলে তৈরি করা প্রতিবেদন আজ শনিবার প্রকাশ করেছে বিবিসি অনলাইন।
ভারতের দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার মেডিকেলের ছাত্রীর মৃত্যুর ঘটনা ২০১২ সালে ব্যাপক আলোড়ন তুলেছিল। নারীর প্রতি সহিংসতা ঠেকাতে কার্যকর উদ্যোগ নিতে বিক্ষোভে উত্তাল হয় ভারত। কিন্তু দেশটিতে প্রতিনিয়ত অনেকটা নীরবে আর অবহেলায় জীবনযাপন করা এসব একলা নারী, বিবাহবিচ্ছেদ হওয়া নারী ও বিধবাদের বিষয় নিয়ে কেউ সোচ্চার হয় না।

এসব ক্ষেত্রে রাষ্ট্র ওই নারীদের তেমন জোরালো কোনো আইনি সহায়তা দিতে পারে না। আবার আইনি সহায়তা পেতে গেলে দীর্ঘমেয়াদি বিচারব্যবস্থার কারণে প্রতি পদে পদে হয়রানির শিকার হতে হয় নারীদের।

তেমনই একজন দিপালী (২৫)। স্বামী তাঁকে ছেড়ে গেছে। এরপর চার বছরের ছেলেকে নিয়ে এক কামরার বাসায় থাকেন। জীবনধারণের জন্য নিম্নমজুরির নানা কষ্টকর কাজ করেন তিনি। তিনি জানান, ‘স্বামীর পরিবারের আমাকে পছন্দ হয়নি। তাই স্বামী আমাকে ছেড়ে দিয়েছে। বিবাহবিচ্ছেদ করার চেষ্টা করছে। কিন্তু আমি বিবাহবিচ্ছেদ চাই না। সামাজিক নানা বিড়ম্বনা থেকে বাঁচতে আমি স্ত্রীর মর্যাদা চাই, আমি চাই আমার সন্তানের পিতৃ পরিচয় থাকুক। সমাজ যেন বলতে না পারে, আমার সন্তানটি অবৈধ।’ স্বামী তাঁকে ফিরিয়ে না নিলেও যেন স্ত্রী-সন্তানের ভরণপোষণ করে সে স্বীকৃতিটুকু আদায় করতে আইনি লড়াই চালিয়ে যেতে হচ্ছে তাঁকে। দিপালী আরও জানান, ‘প্রয়োজনে এভাবে আলাদা থাকতে রাজি আছি। কিন্তু আমি বিবাহবিচ্ছেদ চাই না। বিচ্ছেদ হলে সন্তান বড় হয়ে আমাকেই দুষবে। সমাজ মনে করে, ভালো নারীদের বিচ্ছেদ হয় না!’

এই দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে ‘ভালো নারী’ হিসেবে দাবি করলেন না ৩০ বছর বয়সী নিমিশা। যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে বিবাহবিচ্ছেদ করেছেন। তাঁর এই সিদ্ধান্ত দুই পরিবারের কাছে সম্মানহানির বিষয় ছিল প্রাথমিকভাবে। কিন্তু এখন সবাই বুঝতে পারছেন, নিমিশার সিদ্ধান্ত ঠিক ছিল। তিনি বলেন, ‘বিবাহবিচ্ছেদের পর একলা নারী হিসেবে জীবন কাটানো ভারতের মতো দেশে খুবই কঠিন। কিন্তু অবশ্যই তা যন্ত্রণাদায়ক দাম্পত্য জীবন কাটানোর চেয়ে সুখের।’

বিধবা নারীর অবস্থা কতটা অসহায়, তা দেখার জন্য বৃন্দাবনের চেয়ে নিশ্চয় ভালো কোনো স্থান নেই। এখানে হাজার হাজার বিধবা বাস করেন, যাঁদের পরিবারে ঠাঁই মেলেনি। কান্নাভেজা কণ্ঠে ৬৫ বছর বয়সী শক্তি দাসী নিজের কষ্টের কথা জানালেন এভাবে, ‘যখন আমার স্বামী বেঁচে ছিল, আমি ভালো ছিলাম। স্বামী মারা যাওয়ার পর আমি এতিম হয়ে গেলাম। আমার ছেলে ও ছেলের বউরা আমার দেখভাল করল না। তারা আমাকে নির্যাতন করত, এমনকি মারধরও। একবার আমার ছেলে মেরে আমার পা ভেঙে দিল। তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর পরিবারের সঙ্গে থাকতে চাই না।’

বৃন্দাবনে বিধবা নারীদের বসবাসের বিষয়ে সমাজকর্মী উইনি সিং বলেন, মূলত অর্থনৈতিক কারণে বিধবাদের তাঁদের পরিবারের সদস্যরা বোঝা মনে করেন। একপর্যায়ে শুরু হয় নিপীড়ন। মুক্তি পেতে বিধবা নারীরা বৃন্দাবনমুখী হন।

তবে সেখানে গিয়েও পরিবারের সদস্যদের প্রতি স্নেহ-মমতা কমে না এসব বিধবাদের। শেষ পর্যন্ত তাঁরা আশা করেন, মৃত্যুর পর ছেলে আসবে ও শ্রাদ্ধ করবেন।

এসব নারীর জীবনের নানা দুঃখজনক ঘটনার বর্ণনা শেষে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সমাজ এমন জটিল যে দেবীদের তারা ভক্তি করে ঠিকই, কিন্তু জীবিত নারীর প্রতি একই রকম সম্মানের বেলায় অবমাননা দেখা যায়।