ভারতে জামানত খুইয়েছেন সাড়ে সাত হাজার প্রার্থী
ভারতে এবারের লোকসভা নির্বাচনে সাত হাজার ৫০২ জন প্রার্থী জামানত খুইয়েছেন। লোকসভার ৫৪৩ আসনে প্রার্থী ছিলেন আট হাজার ৭৪৮ জন।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী ভোটারদের দেওয়া মোট ভোটের ছয় ভাগের এক ভাগ ভোট না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত করা হয়। এখন অবশ্য নির্বাচনে লড়ার জন্য প্রার্থীকে ২৫ হাজার রুপি জামানত হিসেবে জমা দিতে হয়। তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে জমা দিতে হয় সাড়ে ১২ হাজার রুপি। জামানত হারালে সব টাকাই বাজেয়াপ্ত হয়। আর জামানত ঠিক রাখতে পারলে প্রার্থীদের ওই টাকা ফেরত দেওয়া হয়।
এবারের নির্বাচন শেষে মাত্র এক হাজার ২৪৬ জন প্রার্থী জামানত রক্ষা করতে পেরেছেন। কংগ্রেস প্রার্থীদের মধ্যে ১৭৯ জন এবং বিজেপির ৬২ জন প্রার্থী জামানত খুইয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের ৪২ আসনের বিপরীতে লোকসভায় এবার প্রার্থী ছিলেন ৪৭২ জন। এর মধ্যে ৩৬১ প্রার্থীই জামানত হারিয়েছেন। তাঁদের মধ্যে আছেন কংগ্রেসের ৩৫, বিজেপির ২১ ও সিপিএমের একজন প্রার্থী। অন্যদিকে তৃণমূলের সব প্রার্থীই জামানত রক্ষা করতে পেরেছেন।
এবারে জামানত হারানোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ৪৩২টি আসনে প্রার্থী দিয়ে তাঁরা জিতেছেন চারজন। জামানত খুইয়েছেন ৪১৪ জন।