ভারতে জিইয়ে আছে বর্ণবাদ: কিম বারিংটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম বারিংটন
কিম বারিংটন

বাইরের চেহারা দেখে কোনো কিছু বিচার করা ঠিক নয়। ভারতকে বাইরে থেকে দেখতে যেমন, ভেতরটা তেমন নয়। সেখানে বর্ণবাদ বহাল তবিয়তে আছে।
গতকাল শনিবার ‘দ্য ইকোনমিক টাইমস’ পত্রিকার অতিথি কলামে প্রকাশিত এক নিবন্ধে আফ্রিকান-আমেরিকান পেশাজীবী নারী কিম বারিংটন নারিসেটিং এভাবেই ভারত সম্পর্কে তাঁর অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

নারিসেটিংয়ের স্বামী রাজু হায়দরাবাদের অধিবাসী। সেই সুবাদে ভারতে আসা-যাওয়া রয়েছে তাঁর। প্রায় চার বছর নয়াদিল্লিতে থেকেছেনও তিনি। কৃষ্ণাঙ্গ হওয়ায় ভারতে নানা তিক্ত অভিজ্ঞতা আছে এই নারীর। সম্প্রতি দিল্লিতে উগান্ডার নারীদের ওপর হামলা হয়েছে। ওই ঘটনা তাঁকে পুরোনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে।

নিজের তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নারিসেটিং লিখেছেন, সবাই তাঁর দিকে কেমন বড়বড় চোখে তাকিয়ে থাকত। সে যেন দর্শনীয় কোনো বস্তু। রেস্তোরাঁ, এলিভেটর এমনকি রাস্তায় গাড়িতে থাকা অবস্থায়ও তাঁকে এই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

শপিংয়ে বের হলে, বিশেষ করে পুরুষেরা নারিসেটিংকে আফ্রিকান মনে করে তাঁর কাছে এসে বলত, উগান্ডা, নাইজেরিয়া কিংবা কঙ্গোর কোনো ব্যক্তিকে তাঁরা চেনেন। নারিসেটিং নিজেকে আমেরিকান বলে পরিচয় দিয়ে তাঁদের নিবৃত্ত করতেন।

আফ্রিকান ভেবে বাবার সঙ্গে মোটরসাইকেলের পেছনে থাকা এক কিশোর নারিসেটিংকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। ওই হামলায় চোখ হারাতে পারতেন তিনি। কিন্তু রোদচশমার কল্যাণে সে যাত্রায় বেঁচে যান। একবার রাজস্থানের এক হোটেলে চরম হাস্যরসের শিকার হন তিনি।
শুল্ক কর্মকর্তারাও নারিসেটিং ও তাঁর মেয়েকে হয়রানি করেন। তাঁরা ভাবতেই পারেননি, হায়দরাবাদের একটি ছেলে আফ্রিকান-আমেরিকান এক নারীকে বিয়ে করতে পারেন।
১৩ বছর ধরে ভারতে আসা-যাওয়ার অভিজ্ঞতা আছে নারিসেটিংয়ের। এ সময়ে অন্য ভারতকে দেখেছেন তিনি। তাঁর প্রতি ভারতীয়দের আচরণ ছিল বর্ণবাদে ভরা। তবে তিনি ধৈর্য ধরেছেন। সব সহ্য করেছেন।

একদিন বর্ণবাদের অবসান হবে বলে আশা নারিসেটিংয়ের। তিনি লিখেছেন, ‘আমরা সম্প্রতি আমেরিকায় মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মবার্ষিকী পালন করেছি। তিনি স্বপ্ন দেখেছিলেন, একদিন আমরা এমন একটি রাষ্ট্র পাব, যেখানে মানুষকে তাঁর গায়ের রং নয়, চারিত্রিক গুণাবলী দিয়ে বিচার করা হবে।’