ভারতে জোটের রাজনীতিতে নতুন মেরুকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাধারণ নির্বাচনের আগে প্রধান দুই রাজনৈতিক দলের জোটে নতুন বিন্যাস হতে পারে। এই বিন্যাস কংগ্রেসের চিন্তা যেমন কিছুটা বাড়াতে পারে, তেমনই বিজেপির সামনে খুলে দিতে পারে নতুন এক সম্ভাবনা।
গত রোববার রাজনৈতিক দিক দিয়ে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। তেলেঙ্গানা আন্দোলনের নেতা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (টিআরএস) সভাপতি কে চন্দ্রশেখর রাও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। রাজনৈতিক সূত্র অনুযায়ী, সেই বৈঠকে সোনিয়াকে চন্দ্রশেখর নির্বাচনী জোটসংক্রান্ত একটা প্রস্তাব দেন। প্রস্তাবে বলা হয়, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস নতুন এই রাজ্যের মোট ১৭টি আসনের মধ্যে সিংহভাগে তাদের প্রার্থী দিক, বদলে কংগ্রেস বিধানসভা ভোটে টিআরএসকে সমর্থন দিক। এতে লোকসভায় কংগ্রেসের আসন যেমন বাড়বে, তেমনই রাজ্যে মুখ্যমন্ত্রী হতে পারবেন চন্দ্রশেখর রাও।
টিআরএস-প্রধানের এই প্রস্তাব কংগ্রেসকে কিছুটা চিন্তায় ফেলেছে। কারণ, চন্দ্রশেখর রাও আগে ঘোষণা দিয়েছিলেন, তেলেঙ্গানা গঠন হলে তিনি দল গুটিয়ে কংগ্রেসে মিশে যাবেন। এখন জোটের নতুন প্রস্তাব দেওয়ার অর্থ তিনি দল গুটিয়ে নিচ্ছেন না।
বিহারের রাজনীতিও নাটকীয় হয়ে উঠেছে। রাজ্যের দলিত নেতা লোক জনশক্তি পার্টির (এলজেপি) সভাপতি রামবিলাস পাসোয়ান আচমকাই বিজেপির দিকে ঝুঁকে পড়েছেন। ২০০৯ সালে বিহারে লালুপ্রসাদ ও রামবিলাস পাসোয়ানের দলের সঙ্গে কংগ্রেস জোট বেঁধেছিল। এবারও কংগ্রেস ও লালুপ্রসাদের দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) রামবিলাসের সঙ্গে জোট বাঁধতে আগ্রহী হলেও তিনটির বেশি আসন দিতে নারাজ। রামবিলাসের দাবি অন্তত ১০ আসন।
এ অবস্থায় রামবিলাস বিজেপির দিকে ঝুঁকেছেন। রোববার তাঁর দলের নেতা সুরজভান বলেন, গুজরাট দাঙ্গায় সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদিকে ক্লিন চিট দিয়েছে। ফলে মোদির গ্রহণযোগ্যতা নিয়ে আর প্রশ্ন ওঠার অবকাশ নেই। বিজেপির সঙ্গে এলজেপির জোট বাঁধা এখন সময়ের ব্যাপার।
এদিকে আবার লালুপ্রসাদের আরজেডির ১৩ জন বিধায়ক দল ত্যাগ করে জনতা দলে (সংযুক্ত) যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা বিহার বিধানসভার অধ্যক্ষকে আলাদা বসার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। এটা আরজেডি ও কংগ্রেসের জোটের কাছে একটা বড় ধাক্কা। আবার নীতিশের পক্ষে আশার কথা। বিজেপিও এ ঘটনায় কিছুটা হতোদ্যম। কারণ, কংগ্রেস ও আরজেডি এবার যদি রামবিলাসকে বেশি আসন দিতে রাজি হয়, তা হলে তাদের জোট গড়ার সম্ভাবনা ভেঙে যেতে পারে।
বিজেপির সঙ্গে জোট বাঁধলে রামবিলাস তুলনামূলকভাবে বেশি আসন পাবেন। অন্যদিকে তাঁর হাত ধরে বিজেপিও রাজ্যে দলিতদের একটা বড় অংশের সমর্থন পাবেন বলে মনে করছেন। বিজেপি ইতিমধ্যে বিহারের অনগ্রসর নেতা উপেন্দ্র কুশওয়াহার দল রাষ্ট্রীয় লোক সমতা পার্টির সঙ্গে জোট করেছে। তাদের জন্য তিনটি আসন বিজেপি ছেড়ে দেবে।