ভারতে টু-জি ফোন দুর্নীতির মামলায় অভিযোগ গঠন
ভারতে দ্বিতীয় প্রজন্মের (টু-জি) মোবাইল ফোন লাইসেন্স বরাদ্দে দুর্নীতির মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইর একটি বিশেষ আদালত গতকাল শনিবার সাবেক টেলিকমমন্ত্রী এ রাজা ও রাজ্যসভার সদস্য কানিমোঝিসহ ১৪ ব্যক্তি ও তিনটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। অভিযুক্ত ব্যক্তি ও সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১২০ (বি) ধারায় অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া সাবেক মন্ত্রী এ রাজা ও তাঁর সাবেক একান্ত সচিব আর কে চন্ডোলিয়া এবং সাবেক টেলিকম সচিব সিদ্ধার্থ বেহুরার বিরুদ্ধে ৪০৯ ধারায়ও অভিযোগ গঠন করা হয়েছে। ৪০৯ ধারা অনুযায়ী, এ তিন ব্যক্তির সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মামলায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম করুণানিধির মেয়ে কানিমোঝিরও যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।অভিযুক্ত তিনটি কোম্পানি হলো রিলায়েন্স টেলিকম লিমিটেড, সোয়ান টেলিকম (বর্তমানে ডিবি ইতিসালাত) এবং ইউনিটেক (তামিলনাড়ু) ওয়্যারলেস লিমিটেড।সিবিআইয়ের বিশেষ জজ ও পি সাইনি বলেছেন, এ রাজাসহ অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর জন্য পর্যাপ্ত প্রমাণ আছে বলে মনে করছেন আদালত।দুর্নীতির মাধ্যমে কয়েকটি প্রতিষ্ঠানকে কম মূল্যে দ্বিতীয় প্রজন্মের (টু-জি) মোবাইল ফোনের লাইসেন্স বরাদ্দ দিয়েছিলেন বলে অভিযোগ তোলা হয়েছে এ রাজার বিরুদ্ধে। তাঁর সঙ্গে অভিযুক্ত বাকিরা এ দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এ দুর্নীতির কারণে সরকারের প্রায় চার হাজার কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। এএফপি।