ভারতে ট্যাংকার বিস্ফোরণ, সাতজনের মৃত্যু
ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে এলাকায় দাহ্য পদার্থবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ হয়ে কমপক্ষে সাতজন মারা গেছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্যাংকারটিতে পেট্রল ছিল বলে ধারণা করা হচ্ছে।
থানে জেলা দুর্যোগ নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জয়দীপ ভিসাভির বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, মুম্বাই-আহমেদাবাদ মহাসড়কের চাউরি তল্লাশি চৌকির কাছে দুর্ঘটনাটি ঘটে।
জয়দীপ ভিসাভি বলেন, ধারণা করা হচ্ছে ট্যাংকারটিতে পেট্রল ছিল। ট্যাংকারটি উল্টে গেলে বিস্ফোরণ হয়। এতে তাত্ক্ষণিকভাবে আগুন ধরে যায়। এতে আশপাশের যানবাহনে থাকা তিনজন ও অন্য চার পথচারী দগ্ধ হয়ে নিহত হন। তিনি বলেন, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। ট্যাংকারটি মুম্বাই থেকে আহমেদাবাদ যাচ্ছিল বলেও জানান তিনি।
এদিকে অগ্নিকাণ্ডের পর দমকল বাহিনীর কর্মী ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। তবে তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।