ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২২
ভারতের মধ্যপ্রদেশে গতকাল সোমবার এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কর্মকর্তারা জানান, গতকাল ভোরে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে একটি আন্তনগর ট্রেন গোয়ালিয়রে যাচ্ছিল। ট্রেনটি গুনা-শিবপুরির মাঝামাঝি বদরবাস স্টেশনে পৌঁছালে একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওই ট্রেনের চারটি বগি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ২২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৫০ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার কারণ জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন রা হয়েছে। কমিটি আগামী দুসপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী কে এইচ মুনাপ্পা। রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। তিনি দুর্ঘটনায় নিহত পরিবার পিছু পাঁচ লাখ, গুরুতর আহতদের এক লাখ এবং অন্যান্য আহতদের ৫০ হাজার রুপি করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।মধ্যপ্রদেশের রাজ্যপাল রামেশ্বর ঠাকুর এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং এই রেল দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।