ভারতে ট্রেনে আগুন, ৪৭ যাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের নেল্লোর এলাকায় যাত্রীবাহী একটি ট্রেনে আগুন লেগে ৪৭ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তারা বলেন, গতকাল সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।নেল্লোর জেলার জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা মধুসূদন শর্মা বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো অস্পষ্ট। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পুড়ে যাওয়া কামরাটি থেকে প্রাথমিকভাবে ৩২টি লাশ উদ্ধার করা হয়। তবে সেখানে তখন আরও লাশ ছিল। এ ছাড়া জীবিত অবস্থায় আরও ২৬ জনকে উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ভস্মীভূত কামরাটিতে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। ধাতব ওই কামরাটির ভেতরে প্রচণ্ড তাপমাত্রার কারণে প্রাথমিক উদ্ধারকাজে সমস্যা হয়েছিল।নেল্লোর জেলা প্রশাসনের প্রধান বি শ্রীধর বলেন, দুর্ঘটনার সময় বেশির ভাগ যাত্রী ঘুমিয়ে ছিল। আগুন লাগার বিষয়টি টের পেয়ে ট্রেনটির চালক গাড়ি থামিয়ে দেন। এর মধ্যে কয়েকজন যাত্রী লাফিয়ে পড়ে আহত হন। আগুন নিমেষে ছড়িয়ে পড়ায় যাত্রীদের পক্ষে অন্য কামরায় যাওয়া সম্ভব হয়নি।প্রধানমন্ত্রী মনমোহন সিং দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে। রেলওয়ে বিভাগ সূত্র জানায়, তামিলনাড়ু এক্সপ্রেস নামের ট্রেনটি দিল্লি থেকে দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাইতে যাচ্ছিল। নেল্লোর এলাকায় যাওয়ার পর ট্রেনটির একটি কামরায় আকস্মিক আগুন লাগার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। দুর্ঘটনার পর থেকে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ, গুরুতর আহতদের প্রত্যেককে এক লাখ ও সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ভারতীয় রেল বিভাগ ঘোষণা করেছে। দুর্ঘটনাকবলিত যাত্রীদের আত্মীয়স্বজনের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদ থেকে দুর্ঘটনাস্থল নেল্লোরের দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার। ভারতে বিশাল রেলব্যবস্থায় দুর্ঘটনা বিরল নয়। তবে গতকালের দুর্ঘটনাকে ১৯৮৫ সালের পর সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলে বিবেচনা করা হচ্ছে। অন্ধ্র প্রদেশেই গত মে মাসে একটি মালবাহী ট্রেন দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়। এ ছাড়া বিভিন্ন ট্রেন দুর্ঘটনায় গোটা ভারতে গত পাঁচ বছরে মোট এক হাজার ২২০ জন নিহত হয়। দেশটিতে প্রতিদিন প্রায় নয় হাজার যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এসব ট্রেনে প্রতিদিন অন্তত এক কোটি ৮০ লাখ যাত্রী ভ্রমণ করে। বিবিসি, এএফপি, টাইমস অব ইন্ডিয়া।