ভারতে ট্রেনে আগুন লেগে ২৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে শুক্রবার গভীর রাতে একটি ট্রেনে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৬ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ট্রেনটি বেঙ্গালুরু শহর থেকে মহারাষ্ট্রের নানদেদ যাচ্ছিল।
অন্ধ্র প্রদেশ রাজ্যের অনন্তপুর জেলার কোথাচেরাভু স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন ধরে যায়।
রেলমন্ত্রী মল্লিকার্জুন খাড়গে বলেছেন, এটি নিছক দুর্ঘটনা। ধারণা করা হচ্ছে, শীতাতপব্যবস্থার ত্রুটির কারণে হঠাৎ আগুন লাগে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নানদেদ-বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত কামরা থেকে হঠাৎ কালো ধোঁয়া উড়তে দেখে চালক ট্রেনটি থামান। ওই সময় ট্রেনের ওই কামরায় অন্তত ৬৭ জন যাত্রী ছিল। কামরাটি থেকে ২৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
রেল মন্ত্রণালয় নিহত পরিবারপিছু ৫ লাখ রুপি, গুরুতর আহত পরিবার পিছু ১ লাখ এবং সামান্য আহতদের ৫০ হাজার রুপি দেওয়ার কথা ঘোষণা করেছে।
ভারতের রেলওয়ে বিশ্বের বৃহত্তম রেল যোগাযোগ-ব্যবস্থাগুলোর একটি। এখনো দূরপাল্লার ভ্রমণের জন্য সবচেয়ে বেশি মানুষ ট্রেনে চড়ে থাকে। এএফপি ও বিবিসি।