ভারতে তৃণমূল হতে পারে সরকার গড়ার মূল কারিগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের পর সরকার গড়ার মূল কারিগর হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। সিএনএন-আইবিএন-সিএসডিএসের সর্বশেষ যৌথ জনমবিষয়ক সমীক্ষায় এ আভাস দেওয়া হয়।

আজ সেই সমীক্ষা প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ৫৪৩ আসনের লোকসভায় কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএ পেতে পারে ১১৯ থেকে ১৩৯টি আসন। এর মধ্যে কংগ্রেস একা পেতে পারে ৯৪ থেকে ১১০টি আসন।

অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা বা এনডিএ পেতে পারে ২১২ থেকে ২৩৩টি আসন। আর বিজেপি একা পেতে পারে ১৯৩ থেকে ২১৩টি আসন।

সমীক্ষায় আরও বলা হয়েছে, তৃণমূল পেতে পারে ২০-২৮টি আসন। ফলে তারাই তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে অবতীর্ণ হতে পারে। অন্যরা পেতে পারে যথাক্রমে বামজোট ১৫-২৩, মুলায়ম সিংয়ের সমাজবাদী পার্টি ১১-১৭, মায়াবতীর বহুজন সমাজ পার্টি ৮-১৪, নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল ১-৫, জয়ললিতার এআইএডিএমকে ১৪-২০, এম করুণানিধির ডিএমকে ১০-১৬, নবীন পট্টনায়কের বিজেডি ১০-১৬, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম ১০-১৬, অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর কংগ্রেস ১১-১৭, তেলেঙ্গানার টিআরএস ৪-৮, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ১-৫টি আসন পেতে পারে।