ভারতে দাঙ্গায় মৃতের সংখ্যা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর প্রদেশের মুজাফফরনগরে দাঙ্গা থামাতে গতকাল রোববার সেনাবাহিনীর টহল। ছবি: আইএএনএস
উত্তর প্রদেশের মুজাফফরনগরে দাঙ্গা থামাতে গতকাল রোববার সেনাবাহিনীর টহল। ছবি: আইএএনএস

ভারতের উত্তর প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে ৩১-এ দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ সোমবার আইনশৃঙ্খলা বাহিনীকে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। আটক করা হয়েছে অন্তত ২০০ জন দাঙ্গাকারীকে।
রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের মুখ্যসচিব আর এম শ্রীবাস্তব লক্ষেৗতে সাংবাদিকদের বলেন, ‘মুজাফফরনগর জেলা ও আশপাশের এলাকায় নিহতের সংখ্যা বেড়ে ৩১-এ দাঁড়িয়েছে।’ তিনি জানান, জেলার দাঙ্গাপ্রবণ এলাকাগুলোতে কারফিউ জারি আছে এবং সেনাবাহিনী টানা দ্বিতীয় দিনের মতো টহল দিচ্ছে।’
মুজাফফরনগরের পাশের জেলা শাম্লির জেলা ম্যাজিস্ট্রেট পি কে সিং বলেন, শাম্লিতে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। সেখানে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এদিকে, প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে ফোন করেছেন। রাজ্য সরকারের কোনো সাহায্য লাগবে কি না, তা তিনি জানতে চেয়েছেন।

বহুজন সমাজ পার্টির নেতা মেঘবতী রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসন জারির দাবি জানিয়েছেন।
জনসংখ্যার দিক দিয়ে উত্তর প্রদেশ সবচেয়ে জনবহুল রাজ্য। সেখানে প্রায় ২১ কোটি মানুষের বাস। রাজধানী দিল্লি থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত প্রদেশটির দাঙ্গা-আক্রান্ত মুজাফফরনগর জেলাটিতে বহু মুসলমান বাস করে। চিনিকলের জন্য সুপরিচিত জেলাটিতে প্রচুর আখের খেত আছে। দাঙ্গার সময় এসব আখখেতে লুকিয়ে থাকছে অনেক দাঙ্গাকারী।
পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (আইনশৃঙ্খলা) অরুণ কুমার বার্তা সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) বলেন, ৪০ জন দাঙ্গাকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া দাঙ্গায় সংশ্লিষ্টতার জন্য বেনামি এক হাজার মানুষকে তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দাঙ্গার সূত্রপাত
এক নারীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গার শুরু। আইএএনএস বলছে, জেলার কয়াল গ্রামে একজন জাত হিন্দু নারীকে এক মুসলমান যুবক উত্ত্যক্ত করেছে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৭ আগস্ট দুই গ্রামের সংঘাত বাধে এবং তাতে তিনজন নিহত হয়। এ নিয়ে একটি মামলাও দায়ের করা হয়।
পুলিশ কর্মকর্তা অরুণ কুমার পিটিআইকে বলেন, ওই হতাহতের ঘটনার পর ঘটনাটিকে জড়িয়ে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে তথ্যচিত্র বানিয়ে সিডিতে রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হয়। যখন ওই সিডিটি বিভিন্ন স্থানে পৌঁছায়, তখন তা দেখে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সহিংসভাব জেগে ওঠে এবং এ নিয়ে উত্তেজনা বাড়তে থাকে।
পুলিশ তথ্যচিত্রটির নির্মাতা ও প্রচারককে ধরতে পেরেছিল, কিন্তু সিডিটির প্রচার পুরোপুরি থামাতে পারেনি বলে জানান অরুণ কুমার। তিনি বলেন, ‘যেখান থেকে ভিডিওটি ছড়ানো হয়েছিল, আমরা তা ধরতে পেরেছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে ততক্ষণে সিডিটি গ্রামময় ছড়িয়ে পড়েছে।’
এদিকে ২৭ আগস্টের ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য দেওয়া এক প্রশাসনিক আদেশ জারি করা হয়। এরপর তা নিয়ে নতুন করে জনবিক্ষোভ ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাত সম্প্রদায়ের মুরুব্বিরা ৭ সেপ্টেম্বরে মহাপঞ্চায়েত সভার ডাক দেন। তাতে মুসলমান সম্প্রদায়ের মুরুব্বিরাও অংশ নেন। সভায় উপস্থিত হতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সভাস্থলে আসতে থাকে। এ সময় বাসে করে সভায় আসা একটি দলের দিকে লক্ষ্য করে কে বা কারা ঢিল ছোড়ে। এ নিয়ে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়তে শুরু করে। কিন্তু কিছু রাজনৈতিক দলের নেতা জনতাকে ভুল নির্দেশ দেওয়ায় বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

কেন্দ্রের সহায়তা
সমাজবাদী পার্টির সভাপতি মুলায়ম সিং যাদবের ছেলে ও রাজ্যের ৪০ বছর বয়সী মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। অখিলেশ কার্যত তাঁর বাবার উত্তরাধিকারী হিসেবে রাজনীতিতে আবির্ভূত হয়ে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, মনমোহন অখিলেশকে বলেছেন, প্রয়োজন হলে যেকোনো সংখ্যক নিরাপত্তাকর্মীকে ওই রাজ্যে মোতায়েন করা হবে।

রাষ্ট্রপতির শাসন দাবি
রাজ্যের বিরোধী দল বহুজন সমাজ পার্টির নেতা মেঘবতী রাষ্ট্রপতির শাসন জারির আহ্বান জানিয়েছেন। তিনি সমাজবাদী পার্টির সরকারের সমালোচনা করে বলেন, ‘সরকার সাম্প্রদায়িক উত্তেজনা ও আইনশৃঙ্খলার অবনতি সামাল দিতে পারছে না।’
মেঘবতী আজ দিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘বর্তমান রাজ্যসরকার খুব দেরিতে পদক্ষেপ নিয়েছে। সরকারই ১০ দিন ধরে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে দিয়েছে এবং আমি এটা বলতে পারি যে, তারা রাজ্যে জঙ্গলের শাসন জারি করেছে।’
আলীগড়ভিত্তিক মুসলমানদের সংগঠন মিল্লাত বেদারি মুহিম কমিটিও অখিলেশ যাদবের সরকারের পদচ্যুত করার দাবি জানিয়েছে। এ সংগঠনটিও রাষ্ট্রপতির শাসন চেয়েছে।
সংগঠনটির নেতা জসিম মুহাম্মদ বলেন, ‘উত্তর প্রদেশে কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতিই ভেঙে পড়েনি, রাজ্যসরকার সাম্প্রদায়িক দাঙ্গা থামাতে পারেনি এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে পারেনি।’

তদন্ত
সাম্প্রদায়িক সংঘাতের পেছনে রাজনীতিকদের ইন্ধন তদন্ত করতে শুরু করেছে রাজ্য সরকার।
স্বরাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা আইএএনএসকে বলেন, ‘জনতাকে উসকিয়ে মহাপঞ্চায়েতে তাদের সমবেত করার পেছনে রাজনীতিকেরা কী ভূমিকা পালন করেছিলেন, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।’
সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং দিল্লিতে কংগ্রেস পার্টির নেতাদের সঙ্গে দেখা করে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।
রাজনীতিকদের ওপর তদন্তের বিষয়টি মুলায়ম সিংয়ের ইচ্ছানুযায়ী হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মুলায়ম সিং ধারণা করছেন, এ সাম্প্রদায়িক সংঘাত ছড়ানোর পেছনে ‘কিছু রাজনীতিকের হাত আছে’।
রাজ্যসরকারের এক মন্ত্রী বলেন, এ দাঙ্গা সরকারকে চূড়ান্ত বিপদের মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে ভাঙন ধরিয়ে বিভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে। আমাদের চরম দুঃস্বপ্ন এখন সত্যি হতে চলেছে।’