ভারতে দালাল চক্রের খপ্পর থেকে পালালেন বাংলাদেশি তরুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে এক বাংলাদেশি তরুণীকে ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত পার করিয়ে আনা হয়েছিল কলকাতায়। তারপর চাকরির কথা বলে নিয়ে যাওয়া হয় হরিয়ানা রাজ্যের রোহতকে। সেখানেই ৪০ হাজার রুপিতে এক দেহ ব্যবসায়ীর কাছে তাঁকে বিক্রি করা হয়।

এরপর তরুণীকে দেহ ব্যবসায় নামানোর উদ্যোগ নেন ওই ব্যবসায়ী। খদ্দেরদের সঙ্গে কথা বলতে তরুণীর হাতে তুলে দেওয়া হয় একটি মুঠোফোনও। কিন্তু দেহ ব্যবসায় আপত্তি তোলেন ওই তরুণী। এজন্য তাঁকে একটি হোটেলে আরেক তরুণীর সঙ্গে আটকে রাখা হয়।

গত শনিবার আটক বাংলাদেশি তরুণীকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চালান ওই দেহ ব্যবসায়ী। এরপরই সুযোগ বুঝে টেলিফোনে যোগাযোগ করে পালান ওই দুই তরুণী। আশ্রয় নেন দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থা শক্তি বাহিনীর কার্যালয়ে। এই সংস্থাই দিল্লি পুলিশকে খবর দেয় দুজনের ব্যাপারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তরুণীকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ওই স্বেচ্ছাসেবী সংস্থা। তারা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছে।