ভারতে দুই বছরের দণ্ড হলে আইনপ্রণেতার আসন বাতিল
ভারতে কেন্দ্রীয় পার্লামেন্ট ও বিভিন্ন রাজ্যের আইনপ্রণেতারা দুই বছরের কারাদণ্ডের সাজা পেলে তাঁর আসনটি বাতিল হয়ে যাবে। একই সঙ্গে ছয় বছর তিনি কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। গতকাল শুক্রবার এই মর্মে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শনিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে, ‘যেসব পার্লামেন্ট সদস্য (এমপি), বিধানসভার নির্বাচিত ও মনোনীত বিধায়ক আদালতের বিচারে দুই বছর কারাভোগের সাজা পাবেন, তাঁদের আসন শূন্য করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।’
আরপি আইনের সংশোধনী বাতিল করা-সংক্রান্ত এক মামলায় গতকাল সুপ্রিম কোর্ট এ রায় দেন। সর্বোচ্চ আদালতের জারি করা এক ডিক্রিতে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব পিপল অ্যাক্টের (আরপিও) ৮ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারার ক্ষমতাবলে বর্তমান পার্লামেন্ট সদস্য ও রাজ্যের আইনপ্রণেতারা আর দীর্ঘ সময় সুরক্ষিত থাকতে পারবেন না।
এই আইন অনুযায়ী কোনো আইনপ্রণেতার করা আপিলের বিষয়ে বিচারকাজ চললেও তাদের সদস্যপদ বহাল থাকবে।
এখন থেকে কোনো আইনপ্রণেতার কোনো অপরাধের দায়ে দুই বছর বা তার চেয়ে বেশি সাজা হলে তাত্ক্ষণিকভাবে তাঁর সদস্যপদ বাতিল করা হবে। একই সঙ্গে অন্তত ছয় বছর তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সাজার মেয়াদ বেশি হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারার মেয়াদকালও বাড়বে।
একই সঙ্গে পরে যদি তাঁরা নির্দোষ প্রমাণিত হন, তাহলে তাঁরা ক্ষমতায় যে কয় বছর থাকতে পারতেন, এ জন্য কোনো ক্ষতিপূরণ পাবেন না।