ভারতে দুর্নীতিবিরোধী কার্টুনিস্ট গ্রেপ্তারে ব্যাপক সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে একজন দুর্নীতিবিরোধী কার্টুনিস্টকে গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। দেশটির বিশিষ্ট নাগরিকেরা বলছেন, গণতান্ত্রিক দেশে এটা অন্যায় কাজ। সম্প্রতি দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই কার্টুনিস্ট হলেন অসীম ত্রিবেদি। তিনি আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনে অংশ নিয়ে আসছেন। কয়েক দিন আগে তাঁকে মুম্বাই শহর থেকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ গতকাল সোমবার তাঁকে আদালতের হেফাজতে ছেড়ে দেয়। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ত্রিবেদিকে কারাগারে থাকতে হবে। ত্রিবেদির বিরুদ্ধে অভিযোগ, তিনি কার্টুনের মাধ্যমে সংবিধানকে উপহাস করেছেন। তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননারও অভিযোগ আনা হয়। ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মারকান্দে কাতজু বলেন, ওই কার্টুনিস্ট অবৈধ কিছুই করেননি। তাঁকে গ্রেপ্তার করাই অবৈধ হয়েছে। সিএনএন-আইবিএন সংবাদবিষয়ক চ্যানেলের সম্পাদক রাজদীপ সারদেশাই বলেন, এটা শুধু হাস্যকর বিষয় নয়, খুবই ভয়ংকর ঘটনাও বটে। সাবেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ওয়াই পি সিং বলেন, ‘ত্রিবেদি যা করেছেন কোনোমতেই তা রাষ্ট্রদ্রোহ হতে পারে না।’ বিবিসি।