ভারতে দ্রুত বিচার আদালত পুনঃস্থাপনের দাবি মোদির
ভারতে অব্যাহত নারী নির্যাতনের পরিপ্রেক্ষিতে দ্রুত বিচার আদালত পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রোববার নয়াদিল্লিতে বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের এক যৌথ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে আরও অংশ নেন দেশটির প্রধান বিচারপতি আলতামাস কবির।মোদির পাশাপাশি আরও বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী বলেছেন, দুই বছর আগে কেন্দ্রীর সরকারের সহযোগিতা প্রত্যাহারের পর থেকে তাঁরাও দ্রুত বিচার আদালত (এফটিসি) বন্ধ রেখেছেন। অথচ এই আদালত বেশি কিছু গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করেছেন।মোদি তাঁর বক্তব্যে বলেন, ‘আমি কেন্দ্রীয় সরকারের প্রতি এফটিসি ব্যবস্থা পুনঃস্থাপন এবং এর জন্য অর্থ বরাদ্দ বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছি।’গুজরাটের মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকার ১৬৬টি এফটিসি আদালত স্থাপন করেছিল। আর এসব আদালত প্রায় চার লাখ মামলা নিষ্পত্তি করেছেন। তিনি এফটিসি ব্যবস্থার ‘ফলাফলের’ জন্য অপেক্ষা না করেই এটি বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, সংক্ষিপ্ত সময়ের জন্য এ ধরনের পদক্ষেপ এবং অব্যাহত পরিবর্তিত নীতি এই ব্যবস্থায় আস্থার ঘাটতি তৈরি করেছে।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, এফটিসি থেকে কেন্দ্রীয় সরকার সহযোগিতা প্রত্যাহারের পর রাজ্য সরকার এটি পুনঃস্থাপনের বিষয়টি সঠিক হবে বলে মনে করেনি।রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক ঘেলট জানান, কেন্দ্রের সহযোগিতায় তাঁর রাজ্যে ৮৩টি এফটিসি চালু ছিল। কেন্দ্রীয় সরকার সহযোগিতা প্রত্যাহারের পরও ২০১২ সালের নভেম্বর পর্যন্ত ৪৩টি এফটিসি চালু ছিল তাঁর রাজ্যে। এই সময়ে রাজ্য সরকারের সহযোগিতায় বাকি মামলাগুলো নিষ্পত্তি করা হয়।সম্প্রতি কেন্দ্রীয় সরকার ১৩তম অর্থ কমিশন থেকে এফটিসিকে তহবিল সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীর সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপিন্দের সিং হুদা। দ্য হিন্দু।