ভারতে ধর্ষণবিরোধী নতুন আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গতকাল বুধবার ধর্ষণবিরোধী বিল অনুমোদন দিয়েছেন। এর মধ্য দিয়ে নতুন আইন কার্যকর হলো। এতে ধর্ষণের দায়ে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।রাষ্ট্রপতির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, অপরাধ আইন (সংশোধিত) বিলের অনুমোদন দিয়েছেন প্রণব মুখার্জি। এর মধ্য দিয়ে এখন থেকে এই বিলটি আইনে পরিণত হলো।গত বছরের ডিসেম্বরে দিল্লিতে চলন্ত বাসে এক মেডিকেলের ছাত্রীর গণধর্ষণের শিকার হওয়া ও পরে তাঁর মারা যাওয়ার ঘটনায় সারা দেশে বিক্ষোভ হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসি ও সারা দেশে নারীদের নিরাপত্তা জোরদারে আইন প্রণয়নের দাবি জানানো হয়। পরে ধর্ষণবিরোধী আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার। বিলটি ১৯ মার্চ লোকসভায় ও ২১ মার্চ রাজ্যসভায় পাস করা হয়। এর মধ্য দিয়ে ভারতের পেনাল কোডের বেশ কয়েকটি অধ্যায়ের সংশোধন করা হলো।নতুন আইন অনুযায়ী, ধর্ষণের দায়ে কোনো ব্যক্তিকে ন্যূনতম ২০ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে পারবেন আদালত। এর আগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল মাত্র সাত বছরের কারাদণ্ড।সংশোধিত আইনে অ্যাসিড-সন্ত্রাসের দায়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। পাশাপাশি ধর্ষণ কিংবা অ্যাসিড-সন্ত্রাসের শিকার ব্যক্তিদের সব হাসপাতালে বিনা মূল্যে তাৎক্ষণিকভাবে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর অন্যথা হলে ওই হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দ্য হিন্দু।