ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রেখে ভারতে একটি নতুন অধ্যাদেশ জারি হতে যাচ্ছে এবং তা আসন্ন বাজেট অধিবেশনের আগেই। এ লক্ষ্যে গত শুক্রবার রাতে ভারতের মন্ত্রিসভা অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে। এটি এখন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সইয়ের পর আইনে পরিণত হবে এবং আগামী ছয় মাসের মধ্যে তা পার্লামেন্টে পাস করিয়ে আনতে হবে। নয়াদিল্লিতে এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে দেখা দেওয়া জনরোষের প্রেক্ষাপটে বিচারপতি জে এস ভার্মা কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা অধ্যাদেশের খসড়া অনুমোদন করে। এই অধ্যাদেশে ধর্ষণের ঘটনায় অবস্থা বিশেষে মৃত্যুদণ্ড বা ২০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বর্তমানে দেশটিতে ধর্ষণের সাজা হিসেবে ৭ থেকে ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।গত বছরের ১৬ ডিসেম্বর নয়াদিল্লির একটি চলন্ত বাসে ওই ছাত্রীকে (২৩) গণধর্ষণের ঘটনায় কেন্দ্রীয় সরকার নারী নির্যাতনসংক্রান্ত আইনে পরিবর্তন আনতে সুপারিশ প্রণয়নে একটি কমিটি গঠন করে। সাবেক বিচারপতি জে এস ভার্মাকে এই কমিটির প্রধান করা হয়। গণধর্ষণের শিকার হওয়ার প্রায় দুই সপ্তাহ পর ছাত্রীর মৃত্যু হয়। গঠনের ২৯ দিনের মাথায় ভার্মা কমিশন গত ২৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে নারীদের ওপর নির্যাতনের ঘটনায় বেশ কিছু আইন সংশোধনের সুপারিশ করা হয়েছে। এ সুপারিশ খতিয়ে দেখার পর এবার ওই অধ্যাদেশের খসড়া অনুমোদন করল মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে শুক্রবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।গণধর্ষণের শাস্তি হিসেবে এখন ন্যূনতম কারাদণ্ডের যে বিধান রয়েছে, তা নতুন আইনে দ্বিগুণ করার এবং ভুক্তভোগী নারী মারা গেলে বা ধর্ষণের শিকার হওয়ার কারণে যৌন সম্পর্ক স্থাপনের সক্ষমতা হারিয়ে ফেললে অপরাধীর মৃত্যুদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে।মন্ত্রিসভার এ সিদ্ধান্তের প্রশংসা করে গতকাল ওই ছাত্রীর ভাই তাঁর প্রতিক্রিয়ায় বলেন, হামলাকারীদের শাস্তি কঠোরতর করার এই উদ্যোগ ইতিবাচক। অভিযোগ গঠন, দোষ অস্বীকার: এদিকে ওই গণধর্ষণের সঙ্গে জড়িত সন্দেহভাজন পাঁচ ব্যক্তির বিরুদ্ধে গতকাল অভিযোগ গঠন করেছেন দ্রুত বিচার আদালত। এই ব্যক্তিদের বিরুদ্ধে চলা ‘নির্ভয়া গণধর্ষণ মামলা’র বিচারকাজ শুরু হচ্ছে কাল সোমবার থেকে। তবে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।’অভিযুক্তদের আইনজীবী এ পি সিং বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা বিচারপতিকে বলেছেন, তাঁরা নির্দোষ এবং পুলিশের আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এই বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পরই তাঁরা আদালত থেকে বেরিয়ে যান।’ এফপি ও হিন্দুস্তান টাইমস