ভারতে নতুন শক্তি আম আদমি পার্টি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

কংগ্রেসের এক মন্ত্রী বলেছিলেন, ‘উনি নৈরাজ্যের বাদশা’, অন্য এক মন্ত্রী বলেছিলেন, ‘লেজ কুকুরকে নাড়াতে চাইছে।’ তৃতীয় একজনের উপদেশ ছিল, ‘নির্বাচনে জিতে আগে নিজের এলেম দেখাও, তারপর দরাদরি কোরো।’ আর একজন তাচ্ছিল্যের সঙ্গে তাঁদের আন্দোলন সম্পর্কে বলেছিলেন, ‘এটা নির্বাচনে জয়ের অযোগ্যদের আস্ফাালন।’

এত দিন অপমান হজম করলেও এবার কাজের মাধ্যমে মোক্ষম জবাব দিয়েছেন দুর্নীতিবিরোধী আন্দোলনে আন্না হাজারের সহযোদ্ধা অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দিক্ষীতকে গোহারা হারিয়ে কংগ্রেসকে চূড়ান্ত অপমান করেছেন। তবে কেন্দ্রীয় সরকারের ওই মন্ত্রীদের উদ্দেশে একটি শব্দও ব্যয় করেননি তিনি। শুধু বলেছেন, ‘আমাদের লক্ষ্য পূরণে এখনো অনেক পথ হাঁটা বাকি। ব্যক্তিগতভাবে কারও বিরুদ্ধে আমার কোনো আক্রোশ নেই।’ জয়ী হয়ে কেজরিওয়াল বোঝালেন, জয়ীরাই উদার হতে পারে।

এভাবে রাজনীতিতে জড়িয়ে পড়বেন, এমন কোনো বাসনা আজন্ম লালন করেননি কেজরিওয়াল। অঙ্কে বেশ মাথা ছিল ১৯৬৮ সালে জন্ম নেওয়া অরবিন্দের। ফলে পশ্চিমবঙ্গের খড়্গপুরে আইআইটি থেকে যন্ত্র প্রকৌশলী হতে বিশেষ কাঠখড় পোড়াতে হয়নি তাঁকে। পাস করে কিছু দিন টাটায় এবং পরে স্ত্রী সুনীতাসহ যোগ দেন আয়কর বিভাগে।

আয়কর বিভাগের দুর্নীতি কেজরিয়ালাকে এতটাই ক্ষুব্ধ ও বিরক্ত হন যে ২০০৬ সালে তিনি চাকরি ছেড়ে দেন। পরে যোগ দেন আন্না হাজারের আন্দোলনে। আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চিন্তাই জন্ম দেন আম আদমি পার্টির (এএপি)। ২০১২ সালের ২ অক্টোবর নতুন দলের জন্ম, আজ যা ভারতীয় রাজনীতির ইতিহাসের একটা অধ্যায় হয়ে গেল।