ভারতে নারী সংরক্ষণ বিল নিয়ে অচলাবস্থা নিরসনে সর্বদলীয় বৈঠক ব্যর্থ
ভারতে নারী সংরক্ষণ বিল নিয়ে অচলাবস্থা দূর করতে সরকারের সর্বশেষ উদ্যোগ ব্যর্থ হয়েছে। গতকাল সোমবার নয়াদিল্লিতে এ ব্যাপারে আয়োজিত একটি সর্বদলীয় বৈঠক কোনো সমঝোতায় পৌঁছানো ছাড়াই শেষ হয়েছে। ভারতের পার্লামেন্টে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের সুপারিশ করা হয়েছে ওই বিলে। গত মাসে তুমুল হট্টগোলের মধ্যেই পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি পাস হয়।গতকালের সর্বদলীয় এই সভায় সভাপতিত্ব করেন লোকসভার নেতা ও সে দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। সভায় লোকসভায় প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। ১৫ এপ্রিল লোকসভায় বাজেট অধিবেশনে দ্বিতীয় পর্যায় শুরু হবে। ওই দিন বিলটি তোলার পরিকল্পনা করছে সরকার। বিলটি যাতে নির্বিঘ্নে অনুমোদন করা হয়, সে জন্য এই সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়।কিন্তু ওই বিলের বিরোধিতাকারী রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), সমাজবাদী দল (এসপি), বহুজন সমাজ পার্টি (বিএসপি), লোক জনশক্তি পার্টি (এলজেপি) এবং জনতা দল-ইউনাইটেডের (জেডি-ইউ) একাংশ বৈঠকে তাদের অবস্থানে অনড় ছিল।এ ব্যাপারে আরজেডির নেতা লালু প্রসাদ যাদব বলেন, তাঁরা নারীদের জন্য আসন সংরক্ষণের বিরুদ্ধে নন। কিন্তু এই বিলে দলিত, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রাখা উচিত। অন্যদিকে এসপির নেতারা চান, বিলে নারীদের জন্য ৩৩ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাব হোক। এদিকে ক্ষমতাসীন কংগ্রেসের দলীয় নেতারা জানিয়েছেন, তাঁরা বিলের পক্ষে মতৈক্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাবেন।বৈঠকে আরও উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম, এ কে অ্যান্টনি, কৃষিমন্ত্রী শারদ পাওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়, এম ভিরাপ্পা মোইলি, পি কে বনসাল, পৃথ্বিরাজ চবন ও ভি নারায়ণস্বামী। তাঁরা বিলের পক্ষে সরকারের অবস্থান তুলে ধরেন।এ ছাড়া লোকসভায় বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজ, এনডিএর সমন্বয়ক শারদ যাদব, সিপিআই-এমের বাসুদেব আচার্য্য, সিপিআইয়ের গুরুদাস দাসগুপ্ত প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। টাইমস অব ইন্ডিয়া।