ভারতে নিরাপত্তা হেফাজত থেকে তিন পাকিস্তানি জঙ্গির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পুরাতন দিল্লিতে পুলিশের নিরাপত্তা হেফাজত থেকে গত শুক্রবার তিন পাকিস্তানি জঙ্গি পালিয়েছে। জঙ্গিদের সন্ধানে গতকাল রোববার থেকে দেশব্যাপী ব্যাপক অভিযান শুরু করেছেন ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের ধরিয়ে দিতে মাথাপিছু ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছে দিল্লি পুলিশ। খবর এএফপি ও পিটিআইয়ের।নয়াদিল্লির পুলিশ জানায়, সাজা ভোগ শেষে পাকিস্তানে পাঠানোর আগে গত শুক্রবার জঙ্গি আবদুর রাজ্জাক, মোহাম্মদ সাদিক ও রাফাকাত আলীকে চোখ পরীক্ষার জন্য ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের একজন উপপরিদর্শকের পাহারায় জিবি প্যান্ট হাসপাতালের গুরু নানক আই সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে তারা সাইকেল মার্কেট এলাকায় একটি হোটেলে খাবার খেতে যায়। সেখান থেকে ওই তিন জঙ্গি পালিয়ে যায়। দিল্লি পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘তিন পাকিস্তানি জঙ্গির ব্যাপারে তথ্য দেওয়ার জন্য গতকাল আমরা ৫০ হাজার রুপি করে পুরস্কার ঘোষণা করেছি। জঙ্গিদের ছবিও প্রকাশ করেছি।’ ২০০০ সালের জুন মাসে দিল্লির লালকেল্লার পাশে শক্তিশালী দুটি বোমার বিস্ফোরণে দুজন নিহত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে ওই বছরের অক্টোবর মাসে দিল্লি থেকে পলাতক তিন জঙ্গিসহ আরও পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে আড়াই কেজি ওজনের উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও ৫০ কেজি হেরোইনও উদ্ধার করা হয়। বোমা হামলার দায়ে নয় বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয় তাদের। গত বছরের অক্টোবর মাসে শেষ হয় সাজার মেয়াদ। পাকিস্তানে পাঠানোর আগে তাদের দিল্লি পুলিশের বিশেষ শাখার হেফাজতে রাখা হয়েছিল। বিশেষ শাখা তাদের পাকিস্তানে ফেরত পাঠাতে কাগজপত্র তৈরি করছিল।