ভারতে নোভারটিসের ক্যানসারের ওষুধের স্বত্ব আবেদন খারিজ
ভারতের সর্বোচ্চ আদালত সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভারটিসের ক্যানসার প্রতিষেধক একটি ওষুধের স্বত্বাধিকার (পেটেন্ট) আবেদন খারিজ করে দিয়েছেন। গতকাল সোমবার ওই ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির করা স্বত্ব আবেদন খারিজ করার কারণ হিসেবে আদালত বলেছেন, গ্লিভেক ওষুধটির উন্নত সংস্করণটি পুরোনো ওষুধেরই সামান্য পরিবর্তন মাত্র। এই রায়ের ফলে ভারতে গ্লিভেকের অনুরূপ (নকল) তথা একই ধরনের ওষুধ প্রস্তুতকারীরাও এখন ওই ওষুধটি কিংবা তার নকল কম মূল্যে বিক্রি করতে পারবেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রায় অনুযায়ী ওষুধের স্বত্বাধিকার নিয়ে করা আবেদনটি কোনো নতুন আবিষ্কৃত ওষুধের নয়। এর আগেও প্রতিষ্ঠানটির করা ২০০৬ ও তিন বছর আগের দুটি স্বত্ব আবেদন বাতিল করা হয়। এদিকে নোভারটিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রায় ভারতে চিকিৎসার গবেষণাকে অনুৎসাহিত করবে। এ ছাড়া নোভারটিসের ভারতীয় অংশের ভাইস চেয়ারম্যান রঞ্জিত শাহানি বলেন, এ রায় চিকিৎসা গবেষণার জন্য একটি প্রতিবন্ধকতা এবং এর কারণে রোগী অত্যাধুনিক ওষুধ থেকে বঞ্চিত হবেন। উল্লেখ্য, গ্লিভেক ওষুধ দীর্ঘস্থায়ী লিউকোমিয়া ও অন্যান্য ক্যানসারের চিকিৎসায় ব্যবহূত হয়। এক মাস এই ওষুধ সেবনে ব্যয় হয় দুই হাজার ৬০০ মার্কিন ডলার। অপরদিকে ওই ওষুধের অনুরূপ (নকল) বা একই ধরনের ওষুধ ব্যবহারে ব্যয় হয় মাত্র ১৭৫ মার্কিন ডলার। ভারতে ক্যানসারে আক্রান্ত রোগীদের সহায়তা সংস্থার পক্ষের আইনজীবী আনন্দ গ্রোভার বলেন, দরিদ্র মানুষের কম মূল্যে ক্যানসারের ওষুধ পাওয়ার জন্য রায়টি সুদূরপ্রসারী।ওষুধের স্বত্ব কেন গুরুত্বপূর্ণ: কোনো প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওষুধের স্বত্ব থাকার কারণে ২০ বছরের জন্য ওই ওষুধে বিশেষ বিক্রয়-সুবিধা পায়। এরপর ওই একই ওষুধ অন্য প্রস্তুতকারীরাও কম মূল্যে অনুরূপ (নকল) ওষুধ তৈরি করতে পারে। স্বত্বের সময় শেষ হওয়ার পর প্রথম প্রতিষ্ঠানটি ১৮০ দিন ওই নকল বিক্রয়ে বিশেষ সুবিধা পায়। এরপর যেকোনো প্রতিষ্ঠান ওই ওষুধের অনুরূপ/নকল বিক্রি করতে পারে। তাই নতুন করে স্বত্বের আবেদনটি মেনে নেওয়া হলে শুধু ওষুধ ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হতেন না, ক্ষতিগ্রস্ত হতেন প্রস্তুতকারকেরাও। ভারতের ওষুধের স্বত্ব শেষ হয়ে যাওয়ার পর এর নকল প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনেক আছে। ধারণা করা হয়, বর্তমান বিশ্বে প্রতিবছর ১৫ হাজার কোটি মার্কিন ডলার বিক্রি হয়—এমন ওষুধের স্বত্ব শেষ হবে ২০১৫ সালের মধ্যে। বিবিসি।