ভারতে প্রতি ঘণ্টায় একজন নারী যৌতুকের বলি
ভারতে যৌতুক-সংক্রান্ত নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার হয়ে প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছেন একজন করে নারী। সম্প্রতি দেশটির অপরাধবিষয়ক তথ্য সংগ্রহ ও সংরক্ষণের দায়িত্বে থাকা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির ঊর্ধ্বগতির ধারা এই যৌতুকের প্রতি মানুষকে আরও উত্সাহী করে তুলছে বলে মনে করছেন নারী অধিকারের কর্মীরা।
ওই ব্যুরোর তথ্যমতে, বিয়ের সময় বরকে বা বরের পরিবারকে যৌতুকের টাকা দিতে না পারায় গত বছর আট হাজার ২৩৩ জনকে প্রাণ দিতে হয়েছে।
গত সপ্তাহে ব্যুরো প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, এ ধরনের অপরাধে দোষী প্রমাণিত হওয়ার হার এখনো কম। বর্তমানে মাত্র ৩২ শতাংশ অপরাধীকে শাস্তি দেওয়া হয়। ভারতীয় আইনে যৌতুক দেওয়া ও নেওয়া নিষিদ্ধ থাকলেও শত শত বছর ধরে এই প্রথা চলে আসছে।
যৌতুকের এ যন্ত্রণা বিয়ের পরও বছরের পর বছর চলতে থাকে। যন্ত্রণা সইতে না পেরে প্রতিবছর হাজার হাজার ভারতীয় নারী পেট্রল ঢেলে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ ও নারী অধিকারের কর্মীরা জানান, যৌতুক প্রতিরোধ আইনের ফাঁকফোকর, বিচারকাজে বিলম্ব এবং অপরাধীদের দোষী শনাক্ত হওয়ার নিম্নহারের কারণে এখনো এ-সংক্রান্ত অপরাধ বেড়েই চলেছে।
রঞ্জনা কুমারী নামের একজন নারী অধিকারকর্মী বলেন, বিয়ের ব্যাপারটি দিন দিন বাণিজ্যিক হয়ে উঠেছে। এটি অনেকটা বাণিজ্যিক প্রস্তাবের মতো, যেখানে বরপক্ষ তাদের জোর-জুলুম চাহিদার কথা জানায়।
নয়াদিল্লির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুমন নাওলা জানান, সমাজের সর্বস্তরে যৌতুকের এই প্রচলন রয়েছে। এমনকি উচ্চশিক্ষিত পরিবারগুলোও কখনো যৌতুককে না বলে না।