ভারতে প্রতিবছর দুর্নীতি দ্বিগুণ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো ভারতে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। প্রতিবছর দুর্নীতি বাড়ছে দ্বিগুণের বেশি হারে। তবে পদ্ধতিগত দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থনীতিবিদ বিবেক দেবরয় ও লাভিশ ভান্ডারি তাঁদের নতুন প্রকাশিত এক বইয়ে এ মন্তব্য করেছেন।বইটির নাম ভারতে দুর্নীতি: ডিএনএ ও আরএনএ। অর্থনীতিবিদ দেবরয় ভারতের অন্যমত প্রধান গবেষণা প্রতিষ্ঠান দিল্লির সেন্টার ফর পলিসি রিসার্চের অধ্যাপক। লাভিশ ভান্ডারি ভারতের অর্থনীতি পর্যবেক্ষণকারী সংস্থা ইন্ডিকাস অ্যানালিটিকসের প্রধান। বইটিতে তাঁরা বলেছেন, ‘নিঃসন্দেহে ভারত চরমভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে এবং তার পরিণতিতে নাগরিকের জীবনেরও প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির করাল নিয়ন্ত্রণ বিস্তৃত হয়েছে।’৮ ডিসেম্বর প্রকাশিত বইটিতে বলা হয়েছে, ‘দুর্নীতি ও ঘুষ সাধারণ ভাষা, সরকার ও জনগণের মধ্যকার লেনদেনের সর্বজনীন মাধ্যমে পরিণত হয়েছে।’তবে গ্রন্থাকার দুজন যুক্তি দিয়ে দেখিয়েছেন, ভারতীয়রা স্বভাবগতভাবে দুর্নীতিপরায়ণ নয়। তাঁরা বলেছেন, কোনো ভারতীয় যখন বিদেশে বসবাস ও কাজ করে, তখন সেই দুর্নীতিমুক্ত পরিবেশে সেও দুর্নীতিতে জড়ায় না। কাজেই ভারতের অর্থনৈতিক নীতির কারণেই দুর্নীতি ঘটছে।পরিসংখ্যান দিয়ে দুই অর্থনীতিবিদ বলেছেন, ১৯৯১-এ অর্থনৈতিক সংস্কার শুরু করার পর থেকেই বড় ধরনের দুর্নীতি বেড়েছে। ১৯৯০ সালে ভারতে কালোটাকার পরিমাণ ছিল ৩১ হাজার ৫৪৬ কোটি রুপি। ২০০০ সালে তা বেড়ে হয় এক লাখ ৯৫ কোটি রুপি। তার ১০ বছর পর ২০১০ সালে কালোটাকার পরিমাণ অনেক বেড়ে হয়েছে চার লাখ ৬১ হাজার ৫৪৮ কোটি রুপি। বইটিতে বলা হয়, দুর্নীতির ভিত্তি ও কৌশলগুলো বুঝে ওঠা গেলে খুব সহজ ও কার্যকর উপায়ে অধিকাংশ দুর্নীতির সমাধান করা সম্ভব। সাময়িক উদ্যোগ নিয়ে বা পদ্ধতিগত কৌশলের বদলে আবেগের মাধ্যমে দুর্নীতি দূর করার চেষ্টা করলে দুর্নীতি কমতে পারে। কিন্তু সে পথে এগোলে অর্থনীতি ও সমাজকে অনেক মূল্য দিতে হবে। প্রযুক্তি দুর্নীতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও দুই গ্রন্থকার মত প্রকাশ করেছেন। তবে তাঁরা বলেছেন, নির্দিষ্ট ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত দুর্নীতি নির্মূল করা গেলেও বিচ্ছিন্নভাবে ঘটা দুর্নীতি দূর করা কখনোই সম্ভব হবে না। গবেষকদ্বয় বইতে আরও বলেন, বহু দেশে দীর্ঘস্থায়ী পদক্ষেপ গ্রহণ ও বারবার চেষ্টার মাধ্যমে দুর্নীতি অনেকাংশে দমন করা সম্ভব হয়েছে। রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভারত থেকেও দুর্নীতি দূর করা সম্ভব।