ভারতে বন্যা ও ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৮
ভারতের উত্তরাখন্ড ও উত্তর প্রদেশ রাজ্যে একটানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ি ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮। আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছে ৫৮ হাজারের বেশি মানুষ। আজ মঙ্গলবার ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির আবহাওয়া দপ্তর জানায়, ভারতের উত্তরাঞ্চলে আগামী দুই দিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, কর্তৃপক্ষ দুর্গত এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। বন্যা ও ধসে উত্তরাখন্ডে ৪৮ জন ও উত্তর প্রদেশের সাহারনপুর জেলায় ১৮ জন মারা গেছে।
চার তীর্থধাম—যমুনোত্রী, গঙ্গোত্রী, বদ্রিনাথ ও কেদারনাথের পথের বিভিন্ন স্থানে আটকা পড়েছেন ৫৮ হাজারের বেশি তীর্থযাত্রী।
বিভিন্ন জায়গায় নদীর পানিতে রাস্তাঘাট ও ফসলের মাঠ ডুবে গেছে। অলকানন্দা নদীর পারের বিভিন্ন গ্রামও বন্যার পানিতে তলিয়ে গেছে। গঙ্গার পানি বিপত্সীমার দুই মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে স্নান করা থেকে পুণ্যার্থীদের বিরত থাকতে বলা হয়েছে।
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী বিজয় বাহুগুনা জানান, বিভিন্ন স্থানে আটকা পড়া মানুষকে দ্রুত উদ্ধারে সরকার কাজ করছে এবং বন্যাদুর্গত এলাকায় ত্রাণসহায়তা দেওয়া হচ্ছে।
উত্তরাখন্ডের গণপূর্ত অধিদপ্তর এই বৃষ্টিতে ৪৫০টি সড়ক ‘ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত’ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
রেলওয়ের একজন কর্মকর্তা জানান, বন্যার কারণে রেলপথ ডুবে যাওয়ায় শ্রীনগর এক্সপ্রেস, হেমকুন্দ এক্সপ্রেস, জনশতাব্দীসহ বেশ কিছু ট্রেনের সফরসূচি বাতিল করা হয়েছে।