ভারতে বন্যা ও ভূমিধসে নিহত ২২

ভারতের উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২২ জন নিহত ও অন্তত এক হাজার মানুষ গৃহহীন হয়েছে।
‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, ভারী বৃষ্টিপাতের কারণে হরিয়ানার কাছে যমুনা নদীতে আশঙ্কাজনকভাবে পানি বেড়ে চলেছে। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষের আশঙ্কা। উত্তরাখণ্ড এলাকায় এখনো ৫০ জন নিখোঁজ। এ কারণে ওই সব এলাকায় চরধামযাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।
এদিকে হিমাচল প্রদেশের কিন্নর এলাকায় ভূমিধসে নয়জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনের সড়ক থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে। এই বন্যা ও ভূমিধসের ঘটনায় বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েছেন। শুধু সাংলা এলাকাতেই প্রায় ৮০০ পর্যটক আটকে আছেন। কিন্নর এলাকায় ২৫ জন বিদেশি ও একটি টেলিভিশন চ্যানেলের দলও আটকা পড়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার অভিযান।
এদিকে আজ সোমবার উত্তরাখণ্ডে আরও পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই এলাকায় ১৩ জনের প্রাণহানি ঘটল।