ভারতে বন্যায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে

ভারতের উত্তরাখন্ড রাজ্যসহ উত্তরাঞ্চলে দেখা দেওয়া আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭০০। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ। আজ মঙ্গলবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়। উদ্ধার অভিযান ও ত্রাণকাজে নিয়োজিত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বন্যাকবলিত বিভিন্ন দুর্গম স্থানে শত শত লাশ পড়ে থাকতে দেখেছেন উদ্ধারকর্মীরা। অনেক লাশ নদীতে ভেসে গেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওই কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেন, বন্যার কারণে প্রাণহানি ১০ থেকে ১৫ হাজারে গড়াতে পারে।
এর আগে উত্তরাখন্ড রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ জানিয়েছিলেন, উত্তরাখন্ড রাজ্যসহ উত্তরাঞ্চলে বন্যায় হতাহত ও আটকে পড়া লোকজনকে উদ্ধারে ব্যাপক তত্পরতা চলছে। প্রায় ৬৩ হাজার মানুষ এখনো বিভিন্ন স্থানে আটকা আছে।
বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কয়েক দিন ধরে উদ্ধারকাজ ঠিকমতো চালানো যায়নি। নিহত ব্যক্তিদের পরিবারকে দুই লাখ ও আহত ব্যক্তিদের জন্য ৫০ হাজার করে রুপি বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ ছাড়া, যাঁদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদেরও আর্থিক সহযোগিতার ঘোষণা দিয়েছেন তিনি।
আটকা পড়া লোকজনের মধ্যে বেশির ভাগ পর্যটক ও তীর্থযাত্রী। তাঁদের উদ্ধারে এক সপ্তাহের বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাজার হাজার সেনাসদস্য। উদ্ধারকাজে ব্যবহূত হচ্ছে অনেক হেলিকপ্টার। এ জন্য দুর্গম স্থানে নতুন হেলিপ্যাড তৈরি করা হচ্ছে।
কয়েক দিন ধরে স্বাভাবিকের চেয়ে সাড়ে চার গুণ বেশি বৃষ্টিপাত থেকে সৃষ্ট এই বন্যাকে ‘সহস্রাব্দের ভয়াবহ মর্মান্তিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন উত্তরাখন্ডের কৃষিমন্ত্রী হারাক সিং রাওয়াত।