ভারতে বন্যায় মৃতের সংখ্যা ৫৫৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ বন্যা ও ভূমিধসে ভারতের উত্তরাখন্ড প্রদেশে এ পর্যন্ত ৫৫৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা জানিয়েছেন, সেনাবাহিনী ৫৫৬টি লাশ ভাসতে বা আর্বজনায় আটকে থাকতে দেখেছে। বিবিসি জানায়, লাশ উদ্ধারের চেষ্টা চলছে। দাতব্য সংস্থা অ্যাকশনএইড জানিয়েছে, ওই এলাকায় পাঁচ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।আটকা পড়াদের উদ্ধারে জরুরি ভিত্তিতে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। অসমর্থিত সূত্র মতে, অতিবৃষ্টিজনিত ভয়াবহ এ বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা বন্যায় পানিবন্দী মানুষকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর আগে গতকাল উত্তরাখন্ডে হিন্দুদের তীর্থস্থান হরিদ্বারে গঙ্গা নদী থেকে বন্যায় মৃত আরও ৪০ জনের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজিব স্বরূপ এসব কথা জানান।দুর্গম পার্বত্যাঞ্চলে আটকা পড়া মানুষের অধিকাংশই তীর্থযাত্রী বলে জানা গেছে। সপ্তাহব্যাপী চলা বর্ষণের মাত্রা কিছুটা কমে এলেও সেতু ও সড়ক ভেঙে রাজ্যের বেশির ভাগ এলাকা দুর্গম হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।অঞ্চলটিতে হিন্দুধর্মাবলম্বীদের তীর্থস্থান কেদারনাথ ও আশপাশের এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিন্ধে বলেছেন, গত কয়েক দিনে ৩৩ হাজারের বেশি তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং এখনো ৫০ হাজার মানুষ আটকা পড়ে আছে।বন্যায় হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশসহ প্রতিবেশী দেশ নেপালেও মৃত্যুর খবর পাওয়া গেছে।উত্তরাখন্ডে গত কয়েক দিনে স্বাভাবিকের চেয়ে সাড়ে চার গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। নজিরবিহীন এ বন্যাকে সহস্রাব্দের ভয়াবহ মর্মান্তিক ঘটনা উল্লেখ করে উত্তরাখন্ডের কৃষিমন্ত্রী হারাক সিং রাওয়াট বার্তা সংস্থা পিটিআইকে বলেন, এ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেদারনাথ এলাকায় অবকাঠামোর যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে অন্তত পাঁচ বছর লাগবে। আইএএনএস, রয়টার্স ও বিবিসি।