ভারতে বন্যার্তদের দ্রুত উদ্ধারে সুপ্রিম কোর্টের নির্দেশ
ভারতের উত্তরাখন্ডে দেখা দেওয়া আকস্মিক বন্যায় আটকে পড়াদের দ্রুত উদ্ধারের জন্য কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারকে আজ মঙ্গলবার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে জানানো হয়, বিচারপতি এ কে পাটনায়েক ও রঞ্জন গগৈয়ের বেঞ্চ এ নির্দেশ দেন।
একজন ফরিয়াদির জনস্বার্থ-সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত উভয় সরকারকে এ নির্দেশ দেন। এদিকে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার তাদের গৃহীত ব্যবস্থার প্রতিবেদন (এটিআর) আদালতে জমা দিয়েছে। দুর্গত ব্যক্তিদের উদ্ধারে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, উত্তরাখন্ডের বন্যায় আটকে পড়াদের উদ্ধারে বিমানবাহিনী এক হাজার ১৮৯টি এবং সেনাবাহিনী ৪১৯টি অভিযান পরিচালনা করেছে। এতে আরও বলা হয়, ২৩ জুনের মধ্যে মোট ৯৬ হাজার ৫০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া ব্যক্তিদের হরিদুয়ারা ও দেরানুনের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সেখানে অন্তত চার হাজার যানবাহন নিয়োজিত রয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, বন্যাদুর্গত এলাকার ৮০ শতাংশ টেলিসংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থাকে ৭৭টি স্যাটেলাইট ফোন সরবরাহ করা হয়েছে। আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারকাজ পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হবে বলেও আদালতকে জানিয়েছে প্রাদেশিক সরকার। দুর্গত এলাকায় পর্যাপ্ত খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। এ ছাড়া ৫০ হাজার বোতল পানি, ৫০ হাজার প্যাকেট বিস্কুট ও ৪৫ হাজার প্যাকেট খাবার মজুদ রয়েছে। দুর্গত এলাকায় সরকারিভাবে ৬২টি ত্রাণশিবির স্থাপন করা হয়েছে বলেও আদালতকে দেওয়া ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভারতের উত্তরাখন্ড রাজ্যসহ উত্তরাঞ্চলে দেখা দেওয়া আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে সরকারি হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট শতাধিক। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ।