ভারতে বন্যায় হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা
ভারতের উত্তরাঞ্চলে অতিবর্ষণজনিত বন্যার কারণে কমপক্ষে এক হাজার মানুষ মারা গিয়ে থাকতে পারেন বলে দেশটির কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষদের উদ্ধার তৎপরতাও বিশেষভাবে ব্যাহত হচ্ছে। কর্মকর্তারা জানান, আটকে পড়া হাজার হাজার তীর্থযাত্রী ও পর্যটককে উদ্ধারে হেলিকপ্টার ও প্রায় ১০ হাজার সেনা পাঠানো হয়েছে। ফুঁসে ওঠা নদীগুলোর তীর উপচে পড়া পানি ও ভূমিধসে বহু বাড়িঘর ও যানবাহন বিধ্বস্ত হয়েছে বা ভেসে গেছে। ধ্বংস হয়েছে অনেক সেতু ও রাস্তা। রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা এই বন্যাকে ‘হিমালয়ের সুনামি’ বলে অভিহিত করেছেন। এতে ব্যাপক প্রাণহানি ঘটবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। রাজ্যে এ পর্যন্ত অন্তত ১৫০ জনের মৃত্যুর খবর কর্মকর্তারা নিশ্চিত করলেও বিভিন্ন মন্দিরের কর্তৃপক্ষ বলছে, মৃত ব্যক্তিদের সংখ্যা এক হাজারের বেশি। উত্তরাখন্ডের পার্শ্ববর্তী আরও দুটি রাজ্যেও বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে।তীর্থযাত্রীদের শহর কেদারনাথ ও বদ্রীনাথের মন্দির পরিচালনা ট্রাস্টের চেয়ারম্যান গণেশ গদিয়াল বলেন, ‘সর্বত্র মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আমাদের ধারণা, এক হাজারের বেশি মানুষ মারা গেছেন।’এদিকে, রাজধানী নয়াদিল্লিতে গতকাল সকালে যমুনার পানি কমতে শুরু করলেও তা বিপৎসীমার ওপর দিয়ে বইছিল। নগরের অনেক নিচু এলাকা পানিতে তলিয়ে আছে। ‘দেবতাদের আবাসভূমি’ বলে পরিচিত হিমালয় পাদদেশের রাজ্য উত্তরাখন্ডে গত কয়েক দিনে স্বাভাবিকের চেয়ে সাড়ে চার গুণ বেশি বৃষ্টিপাত হয়। ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান জানান, উত্তরাখন্ডের এই বৃষ্টি ‘৬০ বছরের মধ্যে সর্বোচ্চ’। এএফপি, বিবিসি ও আইএএনএস।