ভারতে বর্ণবাদের শিকার হচ্ছেন আফ্রিকানরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বাণিজ্যনগর মুম্বাই এবং এর আশপাশে বসবাসরত আফ্রিকানরা বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি পুলিশও হয়রানি করে তাঁদের। স্যামবো ডেভিস নাইজেরিয়ার নাগরিক। বিয়ে করেছেন ভারতের এক নারীকে। স্ত্রীকে নিয়ে মুম্বাইয়ে থাকেন। তাঁর সব কাগজপত্র ঠিক আছে। এর পরও মাদক পাচারে জড়িত সন্দেহে কিছুদিন আগে তাঁকে আটক করে পুলিশ। একই দিন তাঁর মতো আরও ৩০ জন আফ্রিকানকে কয়েক ঘণ্টা আটক রাখা হয়। পরে ক্ষমা চাইলে তাঁদের ছেড়ে দেয় পুলিশ।ডেভিস বলেন, ওই ঘটনার পরদিন স্থানীয় পত্রিকার খবরে তিনি মর্মাহত হন। কারণ খবরে বলা হয়, মাদক ফেরির অপরাধে তাঁদের আটক করেছিল পুলিশ। ডেভিস আরও বলেন, আফ্রিকানদের সঙ্গে কুকুরের মতো আচরণ করে পুলিশ। ডেভিসের অভিযোগ, রেস্তোরাঁয় গেলে বর্ণবৈষম্যের শিকার হন তিনি। এ ছাড়া কৃষ্ণাঙ্গ বলে তাঁকে সহজে কেউ অ্যাপার্টমেন্ট ভাড়া দিনে চান না। ভারতীয় সেই স্ত্রীর সহযোগিতায় শেষমেশ অবশ্য একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে সক্ষম হন। ডেভিস বলেন, এই আচরণ নিঃসন্দেহে বর্ণবৈষম্যমূলক।মুম্বাইয়ে কতজন আফ্রিকান বসবাস করেন, এ বিষয়ে সরকারি কোনো তথ্য নেই। অপ্রাতিষ্ঠানিক তথ্য থেকে ধারণা করা হয়, মুম্বাই ও এর আশপাশে পাঁচ হাজারের মতো আফ্রিকান রয়েছেন। তাঁদের বেশির ভাগই নাইজেরিয়া কিংবা আফ্রিকার অন্যান্য দেশে তৈরি পোশাক রপ্তানির সঙ্গে যুক্ত। অন্যদের অনেকে শিক্ষার্থী। এর বাইরে কয়েকজন আফ্রিকান রয়েছেন। তাঁদের বেশির ভাগই নাইজেরীয়, ভারতের অবৈধ অভিবাসী। ইকিয়োরাহ জুনিয়র এসেছেন লাগোস থেকে। মুম্বাইয়ের মোহাম্মদ আলী রোডে একটা কফির দোকানের মালিক তিনি। ইকিয়োরাহ বলেন, ‘আমি ভেবে পাই না, তাদের (পুলিশ) কেন বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠাতে হয়। যাঁদের বৈধ কাগজপত্র নেই, তাঁদের স্বদেশে পাঠিয়ে দিলেই তো হয়।’ বিবিসি।